কোহলিদের সিরিজ জয়ের আনন্দে ‘অতৃপ্তি’ ঢালল অস্ট্রেলিয়া
আগের ম্যাচ জিতেই তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজ নিজেদের করে রেখেছিলেন বিরাট কোহলি। আজ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার সুযোগ পেয়েও পারলেন না ভারতীয় অধিনায়ক।
সিডনিতে শেষ ম্যাচটি ১২ রানে জিতেছে অস্ট্রেলিয়া। ৬১ বলে ৮৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেও ভারতকে জেতাতে পারেননি কোহলি।
আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮৬ রান করে অস্ট্রেলিয়া। তাড়া করতে নামা ভারত শেষ দুই ওভারে ৩৬ রানের দূরত্বে থাকতে আউট হন কোহলি। ৩ ছক্কা ও ৪ চারে ইনিংসটি সাজান তিনি।
শেষ দুই ওভারে ২ উইকেট হারিয়ে ২৩ রানের বেশি তুলতে পারেনি ভারত। ৭ উইকেটে ১৭৪ রানে থেমেছে সফরকারীদের ইনিংস।
ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। এবার টি-টোয়েন্টি সিরিজ একই ব্যবধানে জিতল ভারত। দলের প্রায় অর্ধেক রানই (৮৫) এসেছে কোহলির ব্যাট থেকে।
ওপেনার লোকেশ রাহুল ছাড়াও ‘লেজ’-এর দুই ব্যাটসম্যান মিলিয়ে পাঁচজন ‘ডাবল’ ফিগারে পৌঁছাতে পারেননি। ২৮ রান করেন শিখর ধাওয়ান।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে মনে হচ্ছিল ২০০ রানও তুলতে পারে অস্ট্রেলিয়া। কিন্তু ফর্মে থাকা স্টিভেন স্মিথ আজ ছিলেন ধীর।
ওয়ানডে সিরিজে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করা স্মিথ ২৪ রান করতে বল খেলেছেন ২৩টি। স্মিথ উইকেটে এসেছিলেন শূন্য রানে ফিরে যাওয়া অধিনায়ক ফিঞ্চের জায়গায়।
১০ম ওভারে ওয়াশিংটন সুন্দরের বলে স্মিথ আউট হওয়ার সময় ২ উইকেটে অস্ট্রেলিয়ার রান ৭৯। অন্য প্রান্তে ৩৩ বলে ৪৮ রানে অপরাজিত ছিলেন ম্যাথু ওয়েড।
তৃতীয় উইকেট জুটিতে ওয়েড ও ম্যাক্সওয়েলের ব্যাটে শেষ পর্যন্ত বড় রানের পুঁজি গড়ে তুলতে সহায়তা করে। ২ ছক্কা ও ৭ চারে ৫৩ বলে ৮০ রানের ভালো একটি ইনিংস খেলেছেন ওয়েড।
শেষ ওভারে আউট হওয়ার আগে ৩ ছক্কা ও ৩ চারে ৩৬ বলে ৫৪ রান করেন ম্যাক্সওয়েল। অবশ্য তিনবার জীবনও পেয়েছেন তিনি। ৩৪ রানে ২ উইকেট নেওয়া ওয়াশিংটন সুন্দর ভারতের সবচেয়ে সফল বোলার।
জবাবে শুরুটা একেবারেই ভালো হয়নি ভারতের। ম্যাক্সওয়েলের প্রথম ওভারে দলীয় কোনো রান স্কোর বোর্ডে যোগ হওয়ার আগেই শূন্য রানে স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার লোকেশ রাহুল।
দ্বিতীয় উইকেটে শিখর ধাওয়ান ও কোহলি শুরুতে ছিলেন ধীর। প্রথম ৫ ওভারে ১ উইকেট হারিয়ে রান ৪০। ২১ বল খেলে ২৮ রানে ধাওয়ান ফিরে যাওয়ার সময় ভারতের সংগ্রহ ৮.৫ ওভারে ৭৪। এরপরে কেবল রান করতে পেরেছেন কোহলিই।
১৮.১ ওভারে দলীয় ১৫১ রানের সময় ফেরেন কোহলি। ম্যাচটি কার্যত তখনই শেষ হয়ে যায়। কোহলির আগে ১০ রানে সঞ্জু স্যামসন, ০ রানে শ্রেয়াস আইয়ার, ২০ রানে ফিরে যান হার্দিক পান্ডিয়া।