কোহলিদের 'দারুণ' উপহারে আপ্লুত আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোহলিদের উপহার পেয়ে দারুণ খুশি আফ্রিদি।
কোহলিদের উপহার পেয়ে দারুণ খুশি আফ্রিদি।

ভারতীয় ক্রিকেট দলের জার্সিটি ছিল বিরাট কোহলির। তাতে নিজের হাতে শুভেচ্ছাবার্তা লিখে ভারতীয় অধিনায়ক সেটি উপহার হিসেবে পাঠিয়েছিলেন শহীদ আফ্রিদির কাছে। ভারত-পাকিস্তান দুই দেশের সম্পর্ক যখন চরম বৈরী অবস্থানে, যাতে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েছে দুই দেশের ক্রিকেট অঙ্গন। এই সময়ে কোহলির কাছ থেকে এমন বিদায়ী উপহার আফ্রিদিকে আপ্লুত করেছে। কোহলির সইয়ের সঙ্গে সেখানে ছিল অন্যান্য ভারতীয় ক্রিকেটারদের অটোগ্রাফও।

কোহলিদের অটোগ্রাফ দেওয়া এই জার্সিটিই উপহার হিসেবে পাঠানো হয় আফ্রিদিকে। ছবি: টুইটার
কোহলিদের অটোগ্রাফ দেওয়া এই জার্সিটিই উপহার হিসেবে পাঠানো হয় আফ্রিদিকে। ছবি: টুইটার

আফ্রিদির আবেগ সবচেয়ে বেশি ছুঁয়েছে নিজ হাতে লেখা কোহলির কথাটাই, ‘শহীদ ভাইকে অনেক অনেক শুভকামনা। আপনার বিপক্ষে খেলাটা সব সময়ই আনন্দের ছিল।’

টুইটারে কোহলির এই সৌজন্যবোধের জন্য ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। লিখেছেন, ‘তোমাকে ও পুরো ভারতীয় দলকে এই “দারুণ’ বিদায়ী উপহারের জন্য ধন্যবাদ।’

এখানেই শেষ নয়। টুইটারে কোহলি আফ্রিদিকে আবারও জানিয়েছেন শুভকামনা, ‘গুরুত্বপূর্ণ ও চিরদিন রেখে দেওয়ার মতো একটি উপহার দিতে পেরে আমরাও আনন্দিত। ঈশ্বর পৃথিবীর সব ভালো কিছু দিয়ে আপনার মঙ্গল করুন।’

৩৭ বছর বয়সী আফ্রিদি গত ফেব্রুয়ারিতে তাঁর ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন। এর আগে ২০১০ সালে আফ্রিদি টেস্ট ক্রিকেট ও ২০১৫ সালে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেছিলেন।

গত সপ্তাহে কোহলির নেতৃত্বে ভারতীয় ক্রিকেটাররা সবার অটোগ্রাফ দেওয়া ভারতীয় ক্রিকেট দলের একটি জার্সি উপহার হিসেবে পাঠান।