কোহলিদের 'বন্দী' বানাতে ৩৬০ কোটি টাকার হোটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোহলিদের অস্ট্রেলিয়ায় নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। ফাইল ছবি
কোহলিদের অস্ট্রেলিয়ায় নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। ফাইল ছবি
>অস্ট্রেলিয়া সফর করতে চাইলে সেখানে পৌঁছে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে ভারতীয়দের। কোহলিদের কোয়ারেন্টাইনে রাখার জন্য অ্যাডিলেডের বিশেষ এক হোটেলের নাম প্রস্তাব করা হয়েছে

নভেম্বরে ভারতকে ঘরের মাঠে পেতে এখন থেকেই প্রস্তুত অস্ট্রেলিয়া। অস্ট্রেলীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ফাঁকা মাঠে হলেও স্বাগতিকেরা চার ম্যাচের টেস্ট সিরিজটি আয়োজন করতে চায়।

করোনাভাইরাসের ঝুঁকি থেকে ভারতীয়দের রক্ষা করতে বিশেষ ব্যবস্থা দিতে প্রস্তুত অ্যাডিলেডের একটি হোটেল। অস্ট্রেলিয়ায় পা রাখার পর ১৪ দিনের সতর্কতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে কোহলিদের। অ্যাডিলেডের নতুন হোটেলই হতে পারে ভারতীয়দের ‘কোয়ারেন্টাইন।’

দক্ষিণ অস্ট্রেলিয়া ক্রিকেট সংস্থার প্রধান কিথ ব্রডশ ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান কেভিন রবার্টসকে অস্ট্রেলিয়া সফরের সময় কোহলিদের থাকার জন্য নতুন হোটেলটি ব্যবহারের প্রস্তাব দেন। হোটেলটি তৈরিতে খরচ হয়েছে ৪ কোটি ২০ লাখ ডলার বা ৩৬০ কোটি টাকা। অস্ট্রেলীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, ‘ক্যাঙারু আইল্যান্ড ও রটনেস্ট আইল্যান্ডে সফরকারী দলের আলাদা থাকার ব্যবস্থা থাকবে।’

হোটেলটি ১৩৮ কক্ষের। আগামী সেপ্টেম্বরে হোটেলটি উদ্বোধন করা হবে। হোটেলে ‘বন্দী’ থাকা অবস্থায়ও ক্রিকেটারদের অনুশীলনের ব্যবস্থা থাকবে। আর স্বাস্থ্যসম্মত খাবার তো আছেই।

এত কষ্ট করেও ভারতকে আতিথ্য দেওয়ার এমন চেষ্টার কারণ আছে। নভেম্বরের ভারত-অস্ট্রেলিয়া সিরিজ থেকে ৩০ কোটি ডলার আয়ের আশা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বোঝাই যাচ্ছে বিশ্ব ক্রিকেটে এক নম্বর টেস্ট দল ভারতের কদর এখন কতটা বেশি।