কোহলি–পন্তের অর্ধশতকে ভারতের জয়
লক্ষ্য ১৮৭ রানের। বড় এ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা একটু শম্বুক গতিরই করে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ১১ ওভারে ২ উইকেট হারিয়ে তারা তুলতে পারে ৭৯ রান। শেষ ৯ ওভারে প্রতি বলে জয়ের জন্য ২ রান করে তুলতে হতো ওয়েস্ট ওয়েস্ট ইন্ডিজকে। সেই কাজটা করেও যাচ্ছিলেন নিকোলাস পুরান ও রোভম্যান পাওয়েল। কিন্তু শেষ ৩ ওভারে এসে আর পারলেন না তাঁরা।
শেষ ৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ৩৭ রানের। ভারতের দুই বোলার হর্শাল প্যাটেল ও ভুবনেশ্বর কুমার সেটা হতে দিলেন না। ১৯তম ওভারে ভুবনেশ্বর পুরানকে তুলে নেন। এরপর শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ২৫ রান। কিন্তু পাওয়েল ও পোলার্ড মিলে নিতে পারেন ১৬ রান। ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজ হেরে যায় ৮ রানে। টানা দ্বিতীয় ম্যাচ জিতে ৩ টি–টোয়েন্টির সিরিজ ১ ম্যাচ হাতে রেখেই জয় নিশ্চিত করেছে রোহিত শর্মার দল।
লক্ষ্য তাড়া করতে নেমে ৮,৩ ওভারে ৫৯ রান তুলতে ২ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপরও যে তারা শেষ পর্যন্ত লড়াই করতে পেরেছে, সেই অবদান পুরান আর পাওয়েলের। তৃতীয় উইকেট জুটিতে দুজনে মিলে ৬০ বলে নিয়েছেন ১০০ রান। ভুবনেশ্বরের বলে রবি বিষ্ণয়ের হাতে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে পুরান ৪১ বলে করেছেন ৬২ রান। ইনিংসটিতে তিনি ৫টি চারের পাশাপাশি মেরেছেন ৩টি ছয়। আর পাওয়েল অপরাজিত ছিলেন ৩৬ বলে ৬৮ রান করে। ১৮৮.৮৮ স্ট্রাইক রেটের ইনিংসটিতে ৪টি চার ও ৫টি ছয়।
এর আগে ভারত ৫ উইকেট হারিয়ে করেছে ১৮৬ রান। দ্বিতীয় ওভারেই ইষান কিশান আউট হয়ে যাওয়ার পর উইকেটে আসেন বিরাট কোহলি। উইকেটে এসে দ্বিতীয় বলে চার মেরে শুরু, ইনিংসে পরের ১৫ বলেই চার মারলেন আরও চারটি! বিরাট কোহলি তেড়েফুঁড়েই শুরু করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর তেজটা থাকেনি তাঁর ইনিংসে। অর্ধশতক পেয়েছেন, তবে কলকাতায় কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোহলির চেয়েও বেশি ঝড় তুলেছেন ঋষভ পন্ত। অর্ধশতক পেয়েছেন তিনিও। এ দুজনের দুটি অর্ধশতকেই ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পেরেছে ভারত।
প্রথম ১৬ বলে ২৮ রান করা কোহলি যে শেষ পর্যন্ত ৫২ রানে আউট হওয়ার আগে ৪১ বল খেলেছেন, এর কারণ ১২ বলের বিরতিতে রোহিত শর্মা (১৯) ও সূর্যকুমার যাদবের ফিরে যাওয়া। কোহলি আউট হওয়ার পর পন্ত আর ভেঙ্কটেশ আইয়ার মিলে পঞ্চম উইকেট জুটিতে ৩৫ বলে তোলেন ৭৬ রান। আইয়ার ১৮ বলে ৩৩ রান করে আউট হলেও পন্ত ২৮ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫২ রান করে অপরাজিত ছিলেন। ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন তিনিই।