কোহলির অনাগত সন্তানকে নিয়ে সস্তা খোঁচা, চটেছেন ভারতের সমর্থকেরা

আজও ক্যাচ মিস করেছেন কোহলি।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধারাভাষ্যে এলেই ভারতের সাবেকদের বুঝি সস্তা খোঁচা মারার ইচ্ছা পেয়ে বসে!

আইপিএল চলার সময়ে বিরাট কোহলির ফর্মের বাজে অবস্থা বোঝাতে কোহলির স্ত্রী ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে নিয়ে সস্তা খোঁচা মেরেছিলেন সুনীল গাভাস্কার। ‘কোহলি লকডাউনে কেবল আনুশকার বলেই অনুশীলন করেছেন’—বর্তমানে ধারাভাষ্যকার বনে যাওয়া ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান গাভাস্কারের এমন মন্তব্য সে সময় বেশ বিতর্কের জন্ম দিয়েছিল ক্রিকেট দুনিয়ায়।

এবার ধারাভাষ্যকার ও ভারতের সাবেক ব্যাটসম্যান অজয় জাদেজাও কোহলির ব্যাপারে বেফাঁস মন্তব্য করে বেশ বেকায়দায় পড়েছেন। আজ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি চলার সময়ে কোহলি একটা ক্যাচ ফেলেছেন। এটা দেখেই জাদেজা সরাসরি সম্প্রচার হওয়া ধারাভাষ্যের সময় কোহলিকে সস্তা খোঁচা মেরেছেন কোহলির অনাগত সন্তানকে নিয়ে, যা নিয়ে বিতর্ক হচ্ছে অনেক।

ক্যাচ ধরতে না পারলেও রান আউট করেছেন কোহলি।
ছবি: টুইটার

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এ নিয়ে টানা দুই ম্যাচেই ক্যাচ ফেললেন কোহলি। প্রথম ম্যাচে ডার্সি শর্টের ক্যাচ কোহলি মিস করার পর তো প্রশ্নই উঠেছিল, শর্ট আস্তে রান করেন বলে ইচ্ছা করেই তাঁকে ক্রিজে রাখতে ক্যাচটা ফেলেছেন কি না কোহলি। আজ ম্যাথু ওয়েডের একটা ক্যাচও ছেড়েছেন কোহলি। সেই ক্যাচ ছাড়ার পরই ওই বিতর্কিত মন্তব্য করেছেন জাদেজা। কোহলি যেভাবে ক্যাচ ছাড়ছেন, তাতে সন্তান জন্মের পর সন্তানকেও ঠিকভাবে কোলে নিতে পারবেন কি না, সেটি বোঝাতে জাদেজা বলেন, ‘আমি ভারত দল নিয়ে ভাবছি না, আমি ভাবছি যে সন্তান আসছে তাকে নিয়ে!’

আগামী জানুয়ারিতে বিরাট-আনুশকা দম্পতির ঘরে সেই অনাগত সন্তান আসবে বলে প্রত্যাশা। কিন্তু বিষয়টা যেহেতু খুবই স্পর্শকাতর, তাই এ বিষয়ে জাদেজার মজা করাটা মোটেও মানতে পারেননি ভারতীয় দর্শকেরা। এটা নিয়ে ভার্চ্যুয়াল জগতে চলছে তুমুল ঝগড়া। যে যেভাবে পারছেন, অজয় জাজেদাকে টুইটারে ধুয়ে দিচ্ছেন।

একজন যেমন টুইট করে বলেছেন, ‘মিস্টার অজয় জাদেজা, এটা কি কোনো মজা করার মতো বিষয়?’ অনু শ্রেগার নামে একজন লিখেছেন, ‘অজয় জাদেজার মতো একজন সাবেক ক্রিকেটারের কাছ থেকে এমন মন্তব্য আশা করিনি।’ অবনী নামের একজন লিখেছেন, ‘তাঁদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে মজা করতে পারেন না আপনি।’
আরেকজন বলেছেন, ‘এ ধরনের জঘন্য কথা ধারাভাষ্যকারের মুখ থেকে শুনতে খুব খারাপ লাগে। এঁদের আবার অনেকে কিংবদন্তি ভাবে।’ একজন টুইট করেছেন, ‘কেন ধারাভাষ্যকারেরা ব্যক্তিগত বিষয় টেনে আনেন? এটা পুরোই অপেশাদার আচরণ।’ ক্ষুব্ধ আরেক সমর্থক লিখেছেন, ‘কোহলি ও তার সন্তানকে নিয়ে জাজেদা খুব সস্তা মন্তব্য করেছেন। ওকে এক্সট্রা ইনিংস থেকে বের করে দেওয়া উচিত।’

আরেকজন তো এক ধাপ বাড়িয়ে বলেছেন,‘বাচ্চাদের নিয়ে কৌতুক সব সময় মজার হয় না। অজয় জাদেজা যেটা বলেছেন, খুব বাজে কথা সেটা। নিজের বোধের পরিচয় দেওয়া উচিত তাঁর। আপনি নিশ্চয় আপনার পাড়ার চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন না। আপনি কথা বলছেন জাতীয় টেলিভিশনে।’ একজন টুইট করেছেন, ‘কেন আমাকে এমন বাজে কথা শুনতে হলো। এর চেয়ে আমি বধির হলেই ভালো হতাম।’

অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে পাল্টা জবাব দিয়েছে ভারত। আজ দ্বিতীয় টি–টোয়েন্টিতে ভারত ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। এ জয়ে তিন ম্যাচের সিরিজটাও জেতা নিশ্চিত হয়েছে ভারতের। যে ক্যাচ ফেলা নিয়ে এত তর্কবিতর্কের ঝড় উঠেছে ভার্চ্যুয়াল জগতে, সেটা নিয়ে তাই দিন শেষে হয়তো খুব বেশি আফসোস করছেন না বিরাট কোহলি।