প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক হারের ধাক্কা কাটিয়ে উঠতে ভারত হাতে পেয়েছিল ছয় দিন। সবাই ধরে নিয়েছিল, এ কদিনে আগের ম্যাচের দুঃস্বপ্ন ভুলে ঝরঝরে হয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বিরাট কোহলির দল।
তা তো হয়-ই-নি, উল্টো দ্বিতীয় ম্যাচে আরও বাজে ব্যাটিং করে ভারত। আগে ব্যাট করে ৭ উইকেটে মাত্র ১১০ রান। খুব সহজেই ৮ উইকেটের জয় তুলে নেয় নিউজিল্যান্ড। ফলে শিরোপাপ্রত্যাশী ভারতের সেমিফাইনালে যাওয়াই এখন দূরের পথ।
নিউজিল্যান্ডের বিপক্ষে কাল রান তুলতে হাঁসফাঁস করেছে ভারত। ট্রেন্ট বোল্ট, ইশ সোধি ও মিচেল স্যান্টনারদের সামনে ভারতের কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেননি।
১২০ বলের খেলায় একপর্যায়ে ৭১ বলের মধ্যে ভারত কোনো বাউন্ডারি মারতে পারেনি। আগের ম্যাচে ভালো ব্যাট করা অধিনায়ক বিরাট কোহলি এ ম্যাচে হতাশ করেন—১৭ বলে মাত্র ৯। স্টার স্পোর্টসের সঙ্গে তাঁর এ ইনিংস নিয়ে কথা বলেন ভারতের সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিং।
হরভজনের মতে, নিউজিল্যান্ডের বোলাররা বুদ্ধিমত্তার সঙ্গে বোলিং করে কোহলিকে আউট করেন। ক্রিজে থিতু হওয়ার জন্য কোহলি কিছু সময় নেন। এ সময় বড় শট না খেলে এক বা দুই রান নিতে থাকেন তিনি। নিউজিল্যান্ডের বোলাররা কোহলিকে এ সুযোগ দেননি বলেই ইনিংস বড় করতে পারেননি—মনে করেন হরভজন, ‘ওরা বিরাট কোহলির অহমে আঘাত করেছে। কোহলিকে এক-দুই রান নিতে দেয়নি। বড় শট খেলতে চাইলে খেলুক, কিন্তু এক-দুই দেয়নি। যখন আপনি বড় খেলোয়াড়দের এক-দুই রান নিতে না দিয়ে তাদের অহমে আঘাত করবেন, তারা তখন বড় শট খেলার চেষ্টা করবে, যেমনটা করেছে বিরাট কোহলি।’
নিউজিল্যান্ডের বোলারদের প্রশংসা করে হরভজন জানান, তাঁরা কোহলির জন্য সঠিক ফাঁদটাই পেতেছে।
সে জন্য কোহলি বড় শট খেলতে বাধ্য হন, ‘শুরুতেই বড় শট খেলা কোহলির স্বভাব নয়। সে এমন একটা জিনিস চেষ্টা করেছে, যেটা সে স্বাভাবিক সময়ে করে না। যে বলে সে আউট হয়েছে, সেই বল কাভারের ওপর দিয়ে মারলে বা এগিয়ে এসে খেললে আরও ভালো হতো বলে মনে হয় আমার।’