কোহলির আউট নিয়ে বিতর্ক চলছে এখনো
গতকাল অপ্রত্যাশিত এক রেকর্ড করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ভারতের অধিনায়ক হিসেবে এই প্রথম কেউ ১০ বার শূন্য রানে আউট হলেন। পা বাড়িয়ে সামনে এজাজ প্যাটেলের বলটা রক্ষণাত্মক ভঙ্গিতে ঠেকাতে গিয়েছিলেন। তাতেই গড়বড় করে ফেলেন।
প্যাটেলের আবেদনে সাড়া দিয়েছিলেন মাঠের আম্পায়ার অনিল চৌধুরী। বলের এক অর্ধ প্যাডে লেগেছে বলে মনে হলেও, আরেক অর্ধ ব্যাটের ভেতরের দিকের স্পর্শ পেয়েছে বলে মনে হয়েছে। আলট্রাএজে প্রথমে ‘স্পাইক’ দেখা গেলেও সে স্পাইকটা ব্যাটে বল লাগার কারণে হয়েছে না প্যাডে বল লাগার কারণে, আম্পায়ার সেটা নিশ্চিত হতে পারেননি।
কোহলি রিভিউ নিলে তৃতীয় আম্পায়ার বীরেন্দর শর্মাও মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলাননি। কারণ ওই একটাই, সিদ্ধান্ত যে বদলাবেন, সেটার নিশ্চিত প্রমাণ পাচ্ছিলেন না। ফলাফল, হতাশা নিয়েই যেতে হয়েছে কোহলিকে।
এই আউট নিয়েই বিতর্ক শুরু হয়েছে। কারোর দৃষ্টিতে কোহলি ন্যায্যভাবেই আউট হয়েছেন, আবার কেউ কেউ বলছেন, অবিচার হয়েছে ভারতীয় অধিনায়কের সঙ্গে। দ্বিতীয় দলটাই ভারী বেশি। অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন থেকে শুরু করে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন, সাবেক কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি, ভারতীয় দলের সাবেক ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার, সাবেক ব্যাটসম্যান ওয়াসিম জাফর—সবাই কোহলির পক্ষে সুর তুলেছেন। ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াসিম জাফর বলেছেন, ‘সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি বলে এভাবে আউট দেওয়া উচিত হয়নি। আমার মনে হয় আম্পায়ারের এই সিদ্ধান্তটা সঠিক ছিল না। হতাশাজনক এক সিদ্ধান্ত।’
ওদিকে ড্যানিয়েল ভেট্টোরি নিশ্চিত, বল ব্যাটের ভেতরের দিকে স্পর্শ করেছিল, ‘আমার কাছে মনে হয়েছে বল ব্যাটের ভেতরের দিকে স্পর্শ করেছিল। একজন মানুষের পক্ষে এমন কঠিন সিদ্ধান্ত নেওয়ার থেকে এসব ব্যাপারে ম্যাচ রেফারির সাহায্য নেওয়া উচিত।’ ওদিকে টুইটারে কোহলির আউটের একটা ভিডিও পোস্ট করে মাইকেল ভন স্পষ্ট লিখে দিয়েছেন, ‘নট আউট।’ সঞ্জয় বাঙ্গারেরও অমনটাই মনে হচ্ছে, ‘আম্পায়ারের পক্ষ থেকে এ ক্ষেত্রে ভুল হয়েছে বলে মনে করি।’
শেন ওয়ার্নও কোহলির আউট না হওয়ার ব্যাপারে নিঃসন্দেহ, ‘কোনোভাবেই এটা আউট না। আমরা অনেক সময় ক্রিকেটে প্রযুক্তির সঠিক ব্যবহার নিয়ে কথা বলি। কিন্তু সে প্রযুক্তিকে কীভাবে ব্যবহার করতে হবে না হবে সে ব্যাপারে অনেক সময় সিদ্ধান্ত নেওয়া যায় না। অবশ্যই ব্যাটের ভেতরের দিকে বল লেগেছিল এ ক্ষেত্রে।’
ওদিকে নিউজিল্যান্ডের ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার সাইমন ডুল ও ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক আম্পায়ারের পক্ষই নিয়েছেন। দুজনই সন্দেহাতীতভাবে আউট প্রমাণ না হওয়ার ব্যাপারটাকে সামনে এনেছেন। ধারাভাষ্য দেওয়ার সময় ডুল বলেছেন, ‘বল যে সবার আগে প্যাডে লেগেছে, সে ব্যাপারটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। তাই আমার মনে হয়েছে এ ক্ষেত্রে নিয়ম অনুযায়ীই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পদ্ধতিটা সঠিকভাবেই অনুসরণ করা হয়েছে।’
একই বক্তব্য কার্তিকেরও, ‘আমি আউটটা সরাসরি দেখেছি। প্রথম যখন আউটটা দেখলাম, মনে হলো বলটা প্রথমে প্যাডে লেগে তারপর ব্যাটে লেগে আবারও প্যাডে লেগেছিল। কিন্তু এরপর যতবার রিপ্লে দেখাচ্ছিল, তত বেশি সন্দেহ বাড়ছিল। আর সন্দেহ থাকলে সিদ্ধান্ত বদলানো যায় না। আমার মনে হয় টিভি আম্পায়ার বীরেন্দর শর্মা ঠিক সিদ্ধান্তই দিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষজন যতই এটাকে “আউট না” বলুক কেন।’