কোহলির আরেকটা রেকর্ড নিজের করে নিলেন আমলা

তাঁর চেহারাটা বোলারদের ধোঁকাই দেয়—শ্মশ্রুমণ্ডিত সৌম্য-শান্ত এক ব্যাটসম্যান। হাশিম আমলা যখন ব্যাটিং করেন, হাসি মুখে খুন করে চলেন বোলারদের! সেই ব্যাটিং এতটাই শিল্পিত, মুগ্ধ চোখে দেখতে হয়। রানের বন্যা বইয়ে ওয়ানডে ক্রিকেটে ইনিংস প্রতি দ্রুততম রান তোলার রেকর্ডগুলো একের পর এক নিজের করে নিচ্ছেন আমলা।
আজ লর্ডসে সবচেয়ে কম ইনিংসে ৭ হাজার রানের রেকর্ডটি নিজের করে নিলেন আমলা। রেকর্ডটি এত দিন ছিল বিরাট কোহলির অধিকারে (১৬১ ইনিংসে)। কোহলির চেয়ে ১১ ইনিংস কম খেলে রেকর্ডটি ভেঙে দিয়েছেন আমলা। কোহলিকে টপকে দ্রুততম ৬ হাজার রানের রেকর্ডটিও করেছিলেন প্রোটিয়া ওপেনার। নিজের ব্যাটিং স্টাইলের মতো ওয়ানডে ক্যারিয়ার ধীর-লয়ে শুরু করেছিলেন। ১০০০ রান তুলতে ২৪টি ইনিংস লেগেছিল আমলার। দ্রুততম এক হাজার রানের রেকর্ডটি তাই নিজের করে নিতে পারেননি। রেকর্ডটি ভিভ রিচার্ডসের কাছে থেকে গেছে। কিন্তু এর পর যত এগোচ্ছেন, প্রতিটি হাজার রানের রেকর্ড নিজের দখলে নিচ্ছেন আমলা।
জহির আব্বাসের দুই হাজারের রেকর্ডটি দিয়ে শুরু করেছিলেন। এরপর টানা তিনবার রিচার্ডসের রেকর্ড ভেঙেছেন। তিন-চার-পাঁচ হাজারে আব্বাসকে অতীত করে দেওয়ার পর ছয় হাজারে দুইয়ে ঠেলে দেন কোহলিকে। এবার দ্রুততম সাত হাজারের ক্লাবের সদস্য হওয়ার রেকর্ডও আমলার অধিকারে। সামনে দ্রুততম আট হাজার রানের রেকর্ড। সেটি তাঁর সতীর্থ এবি ডি ভিলিয়ার্সের কবজায় (১৮২ ইনিংসে)। তা হোক, নিশ্চয়ই আমলার চোখ এখন এই রেকর্ডে!