কোহলির আরেকটি ব্যর্থতা, ক্ষুব্ধ গাভাস্কার

আবারও অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হলেন কোহলিছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেঞ্চুরিয়ন টেস্টে জয় পেতে আর ছয় উইকেট নিতে হবে ভারতের। সে হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে জয়ের সম্ভাবনা বেশি বিরাট কোহলির দলেরই। কিন্তু অধিনায়কের নিজের ব্যাটিংয়ের অবস্থাটা কী! ৬০ ইনিংস ধরে টেস্টে কোনো সেঞ্চুরি নেই, সেঞ্চুরিয়নেও সঙ্গী ব্যর্থতা। বারবার একই ঢঙে আউট হচ্ছেন। কোহলির ওপর এবার ক্ষুব্ধ না হয়ে পারেননি কিংবদন্তি সুনীল গাভাস্কার।

কাল দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসার মার্কো জানসেনের অফ স্টাম্পের বাইরের একটি বলে খোঁচা দিয়ে আউট হয়েছেন কোহলি। বিদেশের মাটিতে এ নিয়ে টানা দশ ইনিংসে একই ভাবে ফিরলেন তিনি। এমন একজন ব্যাটসম্যান বারবার একই ভুল কেন করবেন, এটিই কিছুতে মেনে নিতে পারছেন না গাভাস্কার।

২০১৯ সালের পর টেস্টে কোনো সেঞ্চুরি নেই কোহলির
ছবি: এএফপি

জানসেন কাল কোহলিকে পুরোনো একটা স্মৃতি মনে করিয়ে দিয়েছেন। ২০১৮ সালে ভারতের সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলের সঙ্গে স্থানীয় নেট বোলার হিসেবে কাজ করেছিলেন এই জানসেন। নেটেও নাকি জানসেন কোহলিকে আউট করেছিলেন। সেবার কোহলির সঙ্গে একটা সেলফিও তুলেছিলেন। তিন বছর বাদে সেই জানসেনের বলেই আউট হলেন কোহলি।

কোহলির আউট হওয়ার ভঙ্গিটা দেখেই বিরক্ত গাভাস্কার, ‘দেখলাম কোহলিকে বারবার অফ স্টাম্পের বাইরেই বল করা হচ্ছিল। এটা যে পরিকল্পনা করেই, সেটি বুঝতে সমস্যা হওয়ার কথা নয়। প্রথম ইনিংসের মতোই। কিন্তু লাঞ্চের পর মাঠে নেমে কোহলি খোঁচাই দিল। টেস্টে যেকোনো ব্যাটসম্যানই উইকেটে থিতু হতে একটু বেশি সময় নেয়। বিরতির পর তাঁকে অনেক বেশি সাবধান হতে হয়। কারণ এই সময় পা ঠিকমতো নড়ে না। জলপানের বিরতির পরও নতুন করে শুরু করতে হয়। কোহলির মতো অভিজ্ঞ ব্যাটসম্যান নিশ্চয়ই ব্যাপারটা জানেন।’

বারবার কেন কোহলি একই ভাবে আউট হচ্ছেন, এটার ব্যাখ্যাও দিয়েছেন গাভাস্কার, ‘কোহলির ব্যাটিংয়ে নিচের হাতটা বেশি চলে। তাই বল দেখলেই সে তাড়া করে।’

এবার কোহলির ওপর ক্ষুব্ধ গাভাস্কার
ছবি: এএফপি

কিছুদিন আগেও কোহলিদের ব্যাটিং কোচ ছিলেন সঞ্জয় বাঙ্গার। তিনিও বিরক্ত কোহলির এমন আউটের ধরনে, ‘আমি তো মনে করি নিজের শট বাছাইয়ে নিজের ওপরই রাগ হবে কোহলির। মধ্যাহ্নবিরতিতে গিয়ে ওর মনঃসংযোগ নষ্ট হয়েছিল, নয়তো ওই শটটা খেলতে যাবে কেন সে?’

বাঙ্গার কোহলির প্রতিপক্ষের পরিকল্পনাটাও বলেছেন, ‘যেকোনো দলের জন্যই কোহলিকে আউট করার এখন একটাই পরিকল্পনা। অফ স্টাম্পের বাইরে বোলিং করে যাও। কোহলি একটা সময় সেটি খোঁচা দেবেই।’