কোহলির আরেকটি শতক, লড়ে যাচ্ছে ভারত

স্কোরবোর্ডে রানের ঘরটা ফাঁকা রেখেই সাজঘরে ফিরেছিলেন মুরলি বিজয়। অস্ট্রেলিয়ার ৫৭২ রানের জবাবে ভারতীয় ইনিংসের এমন শুরুতে যাঁরা প্রমাদ গুনেছিলেন বড় ধরনের বিপর্যয়ের, তাঁরা একটু অবাকই হবেন সিডনি টেস্টের তৃতীয় দিনে ভারতীয় প্রতিরোধে। ম্যাচ থেকে এখনো হারিয়ে যায়নি ভারত। বলা ভালো নিজের চতুর্থ সেঞ্চুরিতে ভারতকে এখনো লড়াইয়ে ভালোভাবেই জারি রেখেছেন অধিনায়ক বিরাট কোহলি। সঙ্গে আছেন লোকেশ রাহুল নামের এক তরুণ। নিজের দ্বিতীয় টেস্টে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেই তুলে নিয়েছেন দারুণ এক শতরান। এই দুই শতকে উদ্বুদ্ধ ভারত তৃতীয় দিন শেষে স্কোরবোর্ডে তুলেছে ৫ উইকেটে ৩৪২ রান। অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম ইনিংসে ব্যবধানটা অবশ্য এখনো ২৩০ রানের।
বিরাট কোহলি দিন শেষ করেছেন ১৪০ রানে অপরাজিত থেকে। সিডনিতে সেঞ্চুরি করে এক সিরিজে চারটি শতরান করার অনন্য গৌরবের ইতিহাস গড়েছেন তিনি। ভারতীয় ক্রিকেট ইতিহাসে এমন নজির গড়া দ্বিতীয় ব্যাটসম্যান কোহলি। অপরজন ‘গ্রেট’ সুনীল গাভাস্কার। গাভাস্কার অবশ্য এক সিরিজে চারটি শতরানের কীর্তি গড়েছেন দুইবার।
কোহলির এই ইনিংস ২১৪ বল মোকাবিলা করে। ২০টি চারের মারে সাজানো এই ইনিংস দিয়ে কোহলি শামিল গুরুত্বপূর্ণ দুটি জুটিতে। প্রথমটি লোকেশ রাহুলের সঙ্গে ১৪১, দ্বিতীয়টি ঋদ্ধিমান সাহার সঙ্গে অবিচ্ছিন্ন ৫০। রাহুলের সঙ্গে তাঁর জুটিটিকে সিডনি টেস্টে ভারতীয় লড়াইয়ের প্রাণভোমরা হিসেবেই চিহ্নিত করা যেতে পারে। তরুণ রাহুল খেলেছেন ১১০ রানের ইনিংস। ৫৩ রানে রোহিত শর্মা ফিরে গেলে রাহুল ও কোহলি দলকে এগিয়ে নেন অসামান্য আত্মবিশ্বাসের সঙ্গে।
রাহুল সাজঘরে ফেরার পর ভারতীয় ইনিংস পেয়েছিল আরও একটি অশনিসংকেত। শেন ওয়াটসনের পরপর দুই বলে অজিঙ্কা রাহানে ও সুরেশ রায়না ফিরে গেলে ক্ষণিকের জন্য হলেও বিপর্যয়কর পরিস্থিতিতে পড়ে গিয়েছিল ভারত। তবে শেষ অবধি কোহলি ও ঋদ্ধিমান সাহা মিলে সেই বিপর্যয় সামাল দেন বেশ ভালোভাবেই।
স্কোরবোর্ডে ৩৪২ রান উঠলেও ২৩০ রানে পিছিয়ে থাকাটা যথেষ্টই অস্বস্তি তৈরি করছে ভারতীয় শিবিরে। বিশেষ করে অজিঙ্কা রাহানে ও সুরেশ রায়নার দ্রুত ফিরে যাওয়াটা ঝুঁকির মাত্রাটা আরও বাড়িয়ে দিয়েছে। কোহলি ছাড়া এই মুহূর্তে ভারতীয় ব্যাটিং লাইন আপে আর কোনো নাম খুঁজে পাওয়া যাচ্ছে না, যাঁরা নিজেদের পারফরম্যান্স দিয়েই দলকে ঝুঁকি থেকে রক্ষা করতে পারবেন। বড় ইনিংস খেলে অপরাজিত কোহলির ওপর এখন দায়িত্বটা তাই বেড়ে গেছে অনেকটাই। দায়িত্ব নিয়ে খেলতে হবে ঋদ্ধিমানসহ দলের অন্য টেলএন্ডারদের। চতুর্থ দিন সকালের একটি ভালো অস্ট্রেলীয় স্পেল কিন্তু গোটা দিনের পরিশ্রমটাকেই ধুলোয় মিশিয়ে দিতে পারে।
ব্যাটসম্যানদের দিনে অস্ট্রেলিয়ার পক্ষে আজ সেরা বোলার শেন ওয়াটসনই। ৪২ রানে দুটি শিকার তাঁর। মুরলি বিজয়কে ইনিংসের শুরুতেই ফেরানো মিচেল স্টার্ক আজ নিয়েছেন লোকেশ রাহুলের উইকেটটি। তাঁর পরিসংখ্যানটি ২/৭৭। এ ছাড়া রোহিত শর্মাকে ফিরিয়েছেন অফ স্পিনার নাথান লায়ন। সূত্র: স্টার স্পোর্টস