কোহলির ঊর্ধ্বযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের এক নম্বর টেস্ট দল ভারত। বোলার ও অলরাউন্ডারদের আইসিসি র্যা ঙ্কিংয়ে এক নম্বর ভারতের রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয়দের দখলে নেই শুধু টেস্ট ব্যাটসম্যানদের এক নম্বর জায়গাটা। বিরাট কোহলি যে গতিতে এগোচ্ছেন তাতে হয়তো শিগগিরই ওই স্থানটাও দখল হয়ে যাবে ভারতের।
মুম্বাই টেস্টের ডাবল সেঞ্চুরি ভারতের টেস্ট অধিনায়ককে এক ধাপ এগিয়ে উঠিয়ে দিয়েছে দুই নম্বরে। টেস্ট ব্যাটসম্যানদের র্যা ঙ্কিংয়ে কোহলির এটাই সেরা অবস্থান। অথচ ইংল্যান্ড সিরিজটা বিশ্বের ১৫ নম্বর ব্যাটসম্যান হিসেবে শুরু করেছিলেন, প্রথম চার টেস্টে ৬৪০ রান করেই এগিয়ে গেছেন কোহলি। এক নম্বর ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথের চেয়ে মাত্র ১৩ রেটিং পয়েন্ট পিছিয়ে কোহলি। আজ শুরু ব্রিসবেন টেস্ট ও আগামীকাল শুরু চেন্নাই টেস্টে ভারত ও অস্ট্রেলিয়ার অধিনায়কের পারফরম্যান্সই নির্ধারণ করে দেবে কে থাকবেন এক নম্বরে।
বোলিংয়ে কোহলির প্রধান অস্ত্র রবিচন্দ্রন অশ্বিন এক নম্বর জায়গাটা আরও পোক্ত করেছেন মুম্বাই টেস্টের পারফরম্যান্স দিয়ে। ম্যাচে ১২ উইকেট নেওয়া ভারতীয় অফ স্পিনারের রেটিং পয়েন্ট প্রথমবারের মতো ৯০০ পেরিয়েছে। ৯০৪ পয়েন্ট পাওয়া অশ্বিন ৯০০ পেরোনো পঞ্চম স্পিনার। তথ্যসূত্র: আইসিসি।