কোহলির এক পোস্টেই ১ কোটি টাকা!

ফেসবুকে একটি স্ট্যাটাস, টুইটারে হালকা একটা রসিকতা আর ইনস্টাগ্রামে দারুণ এক ছবি—সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার তো এ কারণেই। তবে যদি আপনি বিরাট কোহলি হন, তবে ভিন্ন কথা। সবাই যেখানে ইনস্টাগ্রামে ছবি দেখিয়ে অন্যের প্রশংসা আর ভালোবাসা আদায় করেন, কোহলি সেখানে একটি পোস্ট করেই আদায় করে নিতে পারেন ১ কোটি টাকা!
ইনস্টাগ্রাম শিডিউলার হপারএইচকিউ ২০১৮ সালের ইনস্টাগ্রামের সবচেয়ে ধনীদের তালিকা বানিয়েছে। সে তালিকাতেই জানানো হয়েছে, ইনস্টাগ্রামে কোন তারকার অনুসারী কত। সে অনুসারী সংখ্যা, প্রতি পোস্ট কতজনের পছন্দ হচ্ছে এবং কত নিয়মিত পোস্ট দেন—এসবের ওপর নির্ভর করে তারকারা একটি পোস্ট দিয়েই স্পনসরদের কাছ থেকে কত টাকা কামিয়ে নিতে পারেন, সে হিসাব করা হয়েছে।
সারা বিশ্বে অনুসারীর সংখ্যা অনুযায়ী শীর্ষ বিশে একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন বিরাট কোহলি। ইনস্টাগ্রামে স্পনসরদের হয়ে বিজ্ঞাপন দিলেই এক পোস্টের জন্য নাকি ১ লাখ ২০ হাজার ডলার আদায় করতে পারবেন কোহলি। বাংলাদেশি অর্থে সেটা ১ কোটি ১ লাখ টাকার কিছু বেশি। ২ কোটি ২৫ লাখ অনুসারী নিয়েই এত অর্থ আদায় করতে পারেন কোহলি। তবে এত অর্থ আদায় করেও তালিকার ১৭-তে আছেন কোহলি।
খেলাধুলার জগতে এ ব্যাপারে সবার শীর্ষে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সদ্য জুভেন্টাসে যোগ দেওয়া এই তারকাকে ইনস্টাগ্রামে অনুসরণ করেন ১৩ কোটির বেশি মানুষ। এর সুবাদে পোস্টপ্রতি ৭ লাখ ৫০ হাজার ডলার আয়ের সুযোগ আছে রোনালদোর (৬ কোটি ৩৫ লাখ টাকা)। তিনে থাকা রোনালদোর চেয়ে ৩৩ ভাগ বেশি আয় করার সুযোগ প্রসাধনসামগ্রী ব্র্যান্ডের মালিক ও ইনস্টাগ্রাম সেলিব্রিটি কাইলি জেনার (১০ লাখ ডলার)!
ইনস্টাগ্রামে এক পোস্ট থেকে খেলোয়াড়দের সম্ভাব্য আয় :
অবস্থান | খেলোয়াড় | খেলা | আয় (ডলার) |
৩ | ক্রিস্টিয়ানো রোনালদো | ফুটবল | ৭,৫০,০০০ |
৮ | নেইমার | ফুটবল | ৬,০০,০০০ |
৯ | লিওনেল মেসি | ফুটবল | ৫,০০,০০০ |
১২ | ডেভিড বেকহাম | ফুটবল | ৩,০০,০০০ |
১৩ | গ্যারেথ বেল | ফুটবল | ১,৮৫,০০০ |
১৪ | জ্লাতান ইব্রাহিমোভিচ | ফুটবল | ১,৭৫,০০০ |
১৫ | লুইস সুয়ারেজ | ফুটবল | ১,৫০,০০০ |
১৬ | কনর ম্যাকগ্রেগর | আল্টিমিমেট ফাইটিং | ১,২৫,০০০ |
১৭ | বিরাট কোহলি | ক্রিকেট | ১,২০,০০০ |
১৮ | স্টিফেন কারি | বাস্কেটবল | ১,১০,০০০ |
১৯ | ফ্লয়েড মেওয়েদার | বক্সিং | ১,০৭,০০০ |