কোহলির কথায় ভয়ে কুঁকড়েছেন দ্রাবিড়

রাহুল দ্রাবিড় কারও সম্পর্কে একটা কটু কথা বলেছেন, খুবই বিরল ঘটনা। ক্রিকেটের নিপাট ভদ্রলোকের সেরা উদাহরণ। কারও সমালোচনাও তীব্রভাবে কখনো করেন না। সেই দ্রাবিড় তাঁর উত্তরসূরি কোহলির ব্যাপারে খোলাখুলি কিছু মন্তব্য করেছেন। কোহলির আচরণ যে কখনো কখনো ভীষণ আগ্রাসী হয়, তা-ই বলছেন ভারতের সাবেক অধিনায়ক। কোহলির কোনো কোনো মন্তব্য শুনে কুঁকড়েও গেছেন বলে জানালেন দ্রাবিড়।
স্বভাবে একেবারে কোহলির বিপরীত মেরুতে থাকা দ্রাবিড় বলেছেন, ‘বিরাট কখনো কখনো ভীষণ আগ্রাসী হয়ে ওঠে, একবার এক সিরিজের আগে ওর মন্তব্য পড়ার সময় আমি তো ভয়ে কুঁকড়ে গিয়েছিলাম। অবশ্য ও যদি প্রতিপক্ষকে খুঁচিয়ে নিজের সেরাটা বের করে আনতে পারে, তা-ই হোক। খেলাটায় শেষ পর্যন্ত পারফরম্যান্সই আসল। ফলে কোহলির কাছ থেকে এটা কেড়ে নেওয়া ঠিক হবে না। এটাই ওর ব্যক্তিত্ব।’
নিজের সঙ্গে কোহলির পার্থক্যটাও বলেছেন দ্রাবিড়, ‘কেউ কেউ আমাকে বলে, আমি কেন ওর মতো আচরণ করিনি। কারণটা হলো, এটা আমার ভেতরের সেরাটা বের করে আনত না। বিরাটের মতো শরীরে উলকি আঁকালে বা ওর মতো আচরণ করলে আমি আসল আমিটা থাকতাম না।’
দ্রাবিড় বলেছেন, ‘কখনো কখনো, বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা সিরিজের আগে দেখলাম কোহলি ভয়ংকর আগ্রাসী সব কথাবার্তা বলছে। পত্রিকায় পড়ে আমি কখনো কখনো কুঁকড়ে গেছি ভয়ে। তারপর ভেবেছি, আসলে ও হয়তো প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে চায়। ও এমন কথার লড়াইয়ে নামতে চায়, কারণ হয়তো এটাই ওর সেরাটা বের করে আনে।’
দ্রাবিড়ের ভয়টা অন্যখানে। উঠতি ক্রিকেটাররা যেন অন্ধের মতো কোহলিকে অনুকরণ করা শুরু না করে, ‘১২, ১৩, ১৪ বছর বয়সীরা নতুন কোহলি হতে চাইবে এটা না বুঝেই, তারা ভেতর থেকে হয়তো ওর মতো নয়। অন্য রকম।’
আরেকটি প্রসঙ্গে খোলাখুলি কথা বলেছেন দ্রাবিড়। বন্ধু ও সাবেক সতীর্থ অনিল কুম্বলেকে যেভাবে কোচের পদ থেকে সরিয়ে ফেলা হয়েছে, তা একেবারেই ঠিক হয়নি বলে মনে করেন তিনি। এখানেও কোহলির ভূমিকা আছে। কোহলি চাননি বলেই কুম্বলেকে সরে যেতে হয়েছে। দ্রাবিড় মনে করেন, পুরো ব্যাপারটি পত্রিকায় চলে আসায় কুম্বলের জন্য পরিস্থিতি অপমানজনক হয়ে গিয়েছিল। সূত্র: পিটিআই।