কোহলির কাছ থেকেই শিখেছেন রায়না

বিরাট কোহলি-আনুশকা শর্মা চুটিয়ে প্রেম করছেন। সুরেশ রায়নাও নাকি প্রেম করছেন আরেক বলিউড-নন্দিনী শ্রুতি হাসানের সঙ্গে। তবে কি কোহলির কাছ থেকেই বলিউডে প্রেমের খাতা খোলার প্রেরণা পেয়েছেন রায়না? সেই উত্তর কে দেবে? রায়না কিন্তু নিজ মুখে বলছেন, ‘হ্যাঁ, আমি বিরাটকে দেখেই শিখেছি।’ তবে ঘাবড়াবেন না। কেউ প্রেমের দীক্ষাগুরুর নাম এভাবে বলে না। আসলে রায়নার কৃতজ্ঞতা স্বীকার অন্য বিষয়ে।
গতকাল চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির ফাইনালে অসাধারণ এক ইনিংস খেলেছেন। তাঁর অপরাজিত সেঞ্চুরিতেই হেসেখেলে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে চেন্নাই সুপার কিংসকে। আইপিএল দিয়ে ক্যারিয়ারের উত্থান ঘটানো রায়না বলছেন, এই সাত বছরে তিনি অনেকের কাছ থেকেই দেখে শিখেছেন। ছোট ইনিংসকে কীভাবে বড় করতে হয়, সেঞ্চুরি পর্যন্ত টেনে নিয়ে যেতে হয়, এই শিক্ষাটা পেয়েছেন সতীর্থ কোহলির কাছ থেকেই।
ওয়ানডেতে ৩৩টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস থাকলেও এর মাত্র চারটি সেঞ্চুরিতে রূপ দিতে পেরেছেন রায়না। চতুর্থ সেঞ্চুরিটা এল মাত্রই কদিন আগে, ইংল্যান্ড সফরে। রায়না প্রতিশ্রুতি দিচ্ছেন, এখন আর ইনিংসের ভিত্তি গড়েই আউট হবেন না। ভিত্তির ওপর বসবে বড় ইনিংসের ইমারত।
কাল ম্যাচ শেষে সাংবাদিকদের বলেছেন, ‘এই সাত বছরে আমি অনেক কিছু শিখেছে। শুরুর দিকে সতীর্থ ম্যাথু হেইডেন কিংবা মাইক হাসির কাছ থেকে শিখতাম। আমাদের কোচ (চেন্নাইয়ের) স্টিফেন ফ্লেমিংয়ের কাছ থেকেও অনেক শিখেছি, তিনি আমাকে পরিণত হতে সাহায্য করেছেন। ভারত দলের মধ্যে ওয়ানডেতে বিরাটের ইনিংসগুলোকে সেঞ্চুরিতে রূপ দেওয়া দেখে দেখেও অনেক শিখেছি। ধোনির সঙ্গে আমার জুটিগুলোর কথাও বলতে হবে। যুবরাজ সিংয়ের নামও আমি বলতে চাই।’ সূত্র: পিটিআই।