কোহলির গড় যখন ৪৮৭!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রান তাড়া করে দলকে জেতানোয় কোহলির জুড়ি নেই! ছবি: এএফপি
রান তাড়া করে দলকে জেতানোয় কোহলির জুড়ি নেই! ছবি: এএফপি

শচীন টেন্ডুলকারের চেয়ে এই একটি জায়গায় তাঁর বিশেষত্ব আলাদা করে নজরে পড়ে। দলকে জিতিয়ে ফিরতে ওস্তাদ বিরাট কোহলি। তার বড় প্রমাণ এ বছর তাঁর একটি পরিসংখ্যান। ২০১৭ সালে ভারত পরে ব্যাট করে জিতেছে এমন ম্যাচে কোহলির গড় গিয়ে পৌঁছেছে ৪৮৭ রানে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেছেন। আর তাতেই তাঁর গড় এমন অবিশ্বাস্য রূপ ধারণ করেছে।

এ বছর ভারত রান তাড়া করে জিতেছে, এমন ম্যাচে কোহলির পাঁচটি ইনিংস দেখুন: ১২২ (বনাম ইংল্যান্ড), ৭৬* (বনাম দক্ষিণ আফ্রিকা), ৯৬* (বনাম বাংলাদেশ), ১১১* (বনাম ওয়েস্ট ইন্ডিজ) এবং ৮২* (বনাম শ্রীলঙ্কা)।

পাঁচ ইনিংসের চারটিতেই অপরাজিত ছিলেন বলে গড়টাকে এত অবিশ্বাস্য দেখাচ্ছে। এটা যেমন সত্যি, এ-ও সত্যি, এর থেকে বোঝা যায়, উইকেটে থেকে ভারতকে জেতানোর কীর্তিতে কোহলি দিনকে দিন নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে যাচ্ছেন। ২০১৪ সালে একবার রান তাড়া করে জেতা ম্যাচে এবি ডি ভিলিয়ার্সের গড় ৩৩০-এ গিয়েছিল।

শুধু এ বছরের হিসাব না ধরে যদি পুরো ক্যারিয়ারটাও দেখা হয়, সেখানেও প্রমাণ মিলবে ভারতের রান তাড়া করে জয়ে কোহলির অবদান। ১৯০ ওয়ানডের ক্যারিয়ারে কোহলি ৫৫.২২ গড়ে ৮৩৩৯ রান করেছেন। ভারত রান তাড়া করে জিতেছে, এমন ম্যাচে কোহলি ১০০.০২ গড়ে করেছেন ৪০০১ রান। ক্যারিয়ারের অর্ধেক রানই এনে দিয়েছেন ভারতের রান তাড়া করে জেতা ম্যাচে। যখন তাঁর গড়ও হয়ে গেছে দ্বিগুণ!

রান তাড়া করে জেতা ম্যাচে রানের পরিসংখ্যানে কোহলির ওপরে শুধু আছেন শচীন টেন্ডুলকার (১২৭ ম্যাচে ৫৪৯০ রান) ও রিকি পন্টিং (১১১ ম্যাচে ৪১৮৬)। ক্যারিয়ারের ২৮টি সেঞ্চুরির ১৬টিই কোহলি করেছেন রান তাড়া করে জেতা ম্যাচে। এই পরিসংখ্যানে অবশ্য টেন্ডুলকারকে (১৪) টপকে গেছেন ভারতীয় অধিনায়ক। রানের রেকর্ডটিও যে কোহলি ভবিষ্যতে নিজের করে নেবেন, তাতে আর সন্দেহ কী! ক্যারিয়ারের প্রায় অর্ধেক তাঁর পড়েই আছে।

অবিশ্বাস্য কোহলি

ম্যাচ

রান

গড়

১০০

৫০

ওয়ানডে ক্যারিয়ার

১৯০

৮৩৩৯

৫৫.২২

২৮

৪৪

তাড়া করে জেতা ম্যাচ

৬৭

৪০০১

১০০.০২

১৬

১৮

তাড়া করে জেতা ম্যাচ (২০১৭)

৫

৪৮৭

৪৮৭.০০

২

৩