কোহলির পর শাস্ত্রীরও সরে দাঁড়ানোর গুঞ্জন

বিরাট কোহলি ও রবি শাস্ত্রীছবি: এএফপি

বিরাট কোহলিকে ঘিরে গুঞ্জনটা এখনো তাজা। দুদিন আগে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানাল, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে দেবেন কোহলি, দায়িত্বটা পাবেন রোহিত শর্মা। সে গুঞ্জন নিয়ে আলোচনা চলছে, ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) কোষাধ্যক্ষ অরুণ ধুমাল আবার সে গুঞ্জনের সত্যতা নেই বলেও জানিয়ে দিয়েছেন।

কোহলির গুঞ্জন তাজা থাকতেই গরমাগরম চলে এল আরেক গুঞ্জন। এবার গুঞ্জনটা কোহলিদের কোচ রবি শাস্ত্রীকে ঘিরে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন শাস্ত্রী—এমনই খবর ছড়িয়ে পড়েছে ভারতের সংবাদমাধ্যমে।

বিসিসিআইয়ের নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিকে সূত্র হিসেবে জানিয়ে ভারতের সংবাদমাধ্যম নিউজ এইটিন লিখছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই ভারতীয় দলের সঙ্গে শেষ হতে যাওয়া চুক্তিটা আর নবায়ন করছেন না শাস্ত্রী। নিজের সিদ্ধান্তের কথা এরই মধ্যে শাস্ত্রী নাকি বিসিসিআইয়ের শীর্ষ কর্তাদের জানিয়ে দিয়েছেন। বিসিসিআই–ও নতুন কোচের খোঁজে বিজ্ঞাপন দিতে যাচ্ছে বলে জানাচ্ছে সংবাদমাধ্যমটি।

ভারতের কোচ রবি শাস্ত্রী
ছবি: টুইটার

২০১৭ সালে ভারতের কোচের দায়িত্ব পাওয়া শাস্ত্রীর প্রথম চুক্তির মেয়াদ ছিল ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। সেবার বিশ্বকাপে ভারত সেমিফাইনালে বাদ পড়ার পর শাস্ত্রীর চুক্তি নবায়ন নিয়ে প্রশ্ন ওঠে, কিন্তু শেষ পর্যন্ত আরও দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেন শাস্ত্রী। সেই চুক্তিই শেষ হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। ওমান ও সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হয়ে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

শুধু শাস্ত্রীই নন, তাঁর সহকারীদের মধ্যেও প্রায় সবার চুক্তিও নবায়ন হচ্ছে না বলেই গুঞ্জন। বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধরের চুক্তি বিশ্বকাপ শেষে আর নবায়ন হচ্ছে না, তবে ব্যাটিং কোচ বিক্রম রাঠোর কাজ চালিয়ে যেতে পারেন বলে লিখেছে সংবাদমাধ্যম।

শাস্ত্রী সরে গেলে নতুন কোচ কে হতে পারেন? ভারতের সংবাদমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে কিংবদন্তি ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়ের নাম।

ভারতের বোর্ডও এরই মধ্যে কোচ নিয়োগে বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলে প্রতিবেদনে লেখা হয়েছে। বিসিসিআইয়ের সূত্রের কথা উল্লেখ করে সংবাদমাধ্যম লিখেছে, বোর্ড তাঁর চুক্তি নবায়নে আগ্রহী নয়, এটা বুঝতে পেরেই নিজ থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন শাস্ত্রী। তাঁর অধীনে আইসিসির কোনো টুর্নামেন্টে শিরোপা জেতেনি ভারত।

তবে শাস্ত্রী সরে গেলে তাঁর বদলে নতুন কোচ নিয়োগ দেওয়া তো সময়সাপেক্ষ ব্যাপার, সে ক্ষেত্রে বিশ্বকাপের পর নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে ভারতের কোচ কে থাকবেন, তা অনিশ্চিত। বোর্ডের সূত্র বলছে, দরকার হলে নিউজিল্যান্ড সিরিজের জন্য শাস্ত্রীর চুক্তি এক মাস বাড়িয়ে নেবে বিসিসিআই। নতুন কোচ এলে তাঁর অধীনে ভারতকে খেলতে দেখা যেতে পারে ১৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা সফরে।

ভারতের কোচ হবেন রাহুল দ্রাবিড়?
ছবি: বিসিসিআই

কিন্তু শাস্ত্রী সরে গেলে নতুন কোচ কে হতে পারেন? ভারতের সংবাদমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে কিংবদন্তি ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়ের নাম। এর আগে ভারতের ‘এ’ দলের কোচ ছিলেন দ্রাবিড়, ভারতের কোচিং একাডেমির প্রধানও ছিলেন। কদিন আগে কোহলি-রোহিতদের নিয়ে গড়া ভারতের ‘মূল’ দল ইংল্যান্ড সফরে থাকায় ভারতের যে ‘দ্বিতীয়’ দল শ্রীলঙ্কা সফরে গিয়েছিল, সে দলেরও কোচ ছিলেন দ্রাবিড়।

দ্রাবিড় ছাড়াও বিধ্বংসী সাবেক ওপেনার বীরেন্দর শেবাগের নামও শোনা যাচ্ছে।