কোহলির বিদায়ে ম্যাচে ফিরছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬৬ ওভার বল করেও উইকেটের দেখা নেই। তাই বলে হতোদ্যম নন বাংলাদেশি বোলাররা। ভারতের উইকেট খসানোর চেষ্টা করেই যাচ্ছেন তাঁরা। অবশেষে ধরা দিল সাফল্য। তা এক ঝড়-ই বলা যায়। পরের নয়টি ওভারে উড়ে গেল ভারতের তিন উইকেট। মাত্র ২৭ রানের মধ্যে শেখর ধাওয়ান, রোহিত শর্মা আর অধিনায়ক বিরাট কোহলি সাজঘরে।
ফতুল্লা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশ এভাবেই ম্যাচে ফিরে এসেছে। উদ্দীপনা ছড়িয়েছে মাঠে উন্মুখ হয়ে থাকা দর্শকদের। প্রথম দিন ভারতের বিনা উইকেটে ২৩৯ রান নিয়ে আজ শুক্রবার আবার ব্যাটিং শুরু করে। শেখর ধাওয়ান ও মুরালি বিজয়ের উদ্বোধনী জুটিতে আরও ৪৪ রান যোগ করেন। ব্যক্তিগত ১৭৩ রানে সাকিবের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন ধাওয়ান। এ সময় দলীয় সংগ্রহ ছিল ২৮৩। এরপর ইনিংসের ৭০ তম ওভারে রোহিত শর্মাকে বোল্ড করে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন সাকিব। ব্যক্তিগত ৬ রানে আউট হন রোহিত।
রোহিতের বিদায়ে ক্রিজে আসেন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। মুরালি বিজয়ের সঙ্গে ১৯ রানের জুটিতে ১৪ রানই কোহলির। নিজেকে উইকেটে থিতু করে যখন বড় সংগ্রহের দিকে যাচ্ছিলেন, তখনই জুযায়ের একটি বলে বোল্ড হয়ে যান। দলীয় ৭৫ তম ওভারে লেগ স্পিনার জুবায়েরের শেষ বলটি কোহলির ব্যাটে লেগে প্যাডে লাগে। ঘূর্ণিতে থাকা বলটি থামানোর আগেই উইকেটে গিয়ে আঘাত হানে।
বৃষ্টির কারণে বাংলাদেশ-ভারত টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়। নির্ধারিত সময়ের আধঘণ্টা আগে সকাল সাড়ে নয়টায় খেলা শুরু হয়। শুরুতেই টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠ শতক পূর্ণ করেন মুরালি বিজয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৮৮ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৩৭৩। ১৩৯ রানে ব্যাট করছেন মুরালি বিজয়। তাঁর সঙ্গী অজিঙ্কা রাহানের সংগ্রহ ৩৫।