কোহলির ব্যর্থতা ঢাকতে পারল না ভারতও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয়কে ফিরিয়ে দিলেন দিনের সেরা খেলোয়াড় ম্যাট হেনরি। ছবি: এএফপি
বিজয়কে ফিরিয়ে দিলেন দিনের সেরা খেলোয়াড় ম্যাট হেনরি। ছবি: এএফপি

মাথা নাড়তে নাড়তে বিরাট কোহলির মাঠ ছাড়ার দৃশ্যটিই দিনের সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়ে থাকল। প্রথম দিন শেষে ইডেন টেস্টে যে দারুণ সমতা। ৮৬ ওভারের খেলা শেষে ভারতের রান ২৩৯। নিউজিল্যান্ডও তুলে নিয়েছে ৭ উইকেট।
প্রথম দিনে ২৩৯ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ফেলেছে একটি দল। তারপরও ইডেন টেস্টে নিউজিল্যান্ডকে এগিয়ে রাখা যাচ্ছে না দুটি কারণে। এক, ভারতের লম্বা ব্যাটিং লাইনআপের কারণে উইকেটে মাত্রই নেমেছেন গত টেস্টের দুই ইনিংসে ম্যাচ জেতানো দুটি ইনিংস খেলা রবীন্দ্র জাদেজা। দুই, নিউজিল্যান্ড দল টেস্টটি খেলতে নেমেছে তাদের সেরা ব্যাটসম্যানকে ছাড়াই। ম্যাচ শুরু হওয়ার খানিক আগেই নিউজিল্যান্ড জানিয়ে দেয় অসুস্থতার কারণে অধিনায়ক কেন উইলিয়ামসন খেলবেন না ইডেন টেস্ট।
নিয়মিত অধিনায়ককে ছাড়া শুরুটা খারাপ হয়নি কিউইদের। সেটা অবশ্য বোলিংয়ে। গৌতম গম্ভীরকে স্কোয়াডে ডেকে এনেও একাদশে জায়গা না দেওয়ার সিদ্ধান্ত আরও প্রশ্নবিদ্ধ করে দ্বিতীয় ওভারেই ফিরে গেলেন শিখর ধাওয়ান। ম্যাট হেনরির বলে বোল্ড হয়ে। একটু পর মুরালি বিজয়ও ওপেনিং সঙ্গীকে অনুসরণ করে ড্রেসিং রুমে ফিরলেন। এবারও হেনরির শিকার।
অন্যপ্রান্তে বারবার আতঙ্ক জাগিয়েও উইকেট পাচ্ছিলেন না ট্রেন্ট বোল্ট। কে জানে তাঁর দুঃখ ভোলাতেই কি না, বাজে এক শটে ক্যাচ দিয়ে ফিরলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। লাঞ্চের আগেই চতুর্থ উইকেটও হারাতে পারত ভারত। কিন্তু জিতেন প্যাটেলের বলে চেতেশ্বর পূজারার ক্যাচটি উইকেট কিপার ও প্রথম স্লিপের মাঝখান দিয়ে চলে যায়।

এরপরই দিনের সেরা সময়টি পার করেছে ভারত। পূজারা ও অজিঙ্কা রাহানের ১৪৮ রানের জুটিতে বড় এক স্কোর দাঁড় করার স্বপ্ন দেখছিল ভারত। কিন্তু নিল ওয়াগনারের বলে পূজারা (৮৭) ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতের মিডল অর্ডার। মাত্র ১৩ রানের মধ্যে ৩ উইকেট নেই। সাড়ে তিন বছর পর টেস্ট খেলতে নামা প্যাটেলের বলে এলবিডব্লু হয়ে ফেরেন রাহানে (৭৭)। রবিচন্দ্রন অশ্বিনকে ফিরিয়ে ৩১ রানের সপ্তম উইকেট জুটিটা ভেঙে দেন হেনরি। দিনের শেষ দুই ওভারে আর কোনো উইকেট পরতে দেননি দুই অপরাজিত ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ও জাদেজা।
কিন্তু নিউজিল্যান্ডই বোধ হয় একটু স্বস্তিতে থেকে দিনটা শেষ করল। কোহলির অস্বস্তিটা ব্যক্তিগত কারণেও। গত জুলাইয়ের সেই ডাবল সেঞ্চুরির পর টানা ৬ ইনিংসে যে ফিফটিও পেলেন না!