কোহলির ভারত অস্ট্রেলিয়ার মতো খেলে!

খুব বেশি দিন নয়, মাত্র মাস দু-এক আগের কথা। স্লেজিং আর খণ্ড খণ্ড সব ‘যুদ্ধ’ মিলিয়ে ভারত-অস্ট্রেলিয়া সিরিজটা পেয়েছিল অন্য মাত্রা। অতি আক্রমণাত্মক মানসিকতার কারণে বিরাট কোহলি ও তাঁর দলের সমালোচনা হয়েছে অনেক। সিরিজ শেষে কোহলির এক মন্তব্য ক্রীড়াসুলভ মানসিকতার প্রশ্নও তুলে দিয়েছিল, যখন কোহলি বললেন, অস্ট্রেলিয়ার অধিকাংশ ক্রিকেটারকেই তিনি আর ‘বন্ধু’ ভাবতে পারবেন না!
আশ্চর্যের বিষয় হলো, কোহলির এই মানসিকতাকেই বাহবা দিলেন স্টিভ স্মিথ। আইপিএলে পুনে সুপারজায়ান্টসকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া স্মিথ বলেছেন, আক্রমণাত্মক কোহলির ভারত নাকি অস্ট্রেলিয়ার মতো খেলে!
ভারতের আগ্রাসী মনোভাব, এক বিন্দুও ছাড় না দেওয়া, এ তো অস্ট্রেলীয় ক্রিকেটের ব্র্যান্ড! এমন আক্রমণাত্মক মেজাজে সাধারণত অস্ট্রেলিয়াই খেলে। স্মিথের তাই তা পছন্দই হয়েছে বলে জানালেন, ‘ভারতও এখন এই মনমানসিকতা নিয়ে খেলছে। তারা এখন খুব আক্রমণাত্মক হয়ে খেলার চেষ্টা করে। বোঝাই যায়, এটা বিরাটের প্রভাব। আমার ধারণা, ক্রিকেট খেলার জন্য এটা দারুণ উপায়। এখন ভারতের খেলার ধরনে একটু বদল এসেছে। ওরা মাঠে এখন অনেক আক্রমণাত্মক এবং মাঠেও অনেক বেশি “খোঁচাখুঁচি” করে। এটা তো মজা বাড়ায়।’
ভারত আক্রমণাত্মক হয়েছে বলে যে অস্ট্রেলিয়া নিজেদের খেলার ধরন পাল্টেছে তা নয়। স্মিথের চোখে অস্ট্রেলিয়ানদের ধ্যানজ্ঞান এখনো আক্রমণাত্মক ক্রিকেট, ‘অস্ট্রেলিয়ার ক্রিকেট খুব একটা বদলায়নি। আমরা সব সময় দ্রুতলয়ের এবং ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করি। আমরা সব সময় খেলার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করি, আনন্দ দেওয়ার চেষ্টা করি। সে সঙ্গে চেষ্টা থাকে সব সময় ইতিবাচক থাকার।’
তবে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে গিয়ে দুই মাস আগের ঘটনার পুনরাবৃত্তি চান না স্মিথ। পুরো ব্যাপারটা একটু বেশি বাড়াবাড়ি হয়েছিল সেটা মেনে নিয়েছেন স্মিথ নিজেই, ‘আমি আসলেই এসব নিয়ে কথা বলতে চাই না। ওসব এখন অতীত। মাঝে মাঝে আবেগ আপনার খারাপ দিকটা বের করে আনে, আর আন্তর্জাতিক ক্রিকেট তো এমনই। মানুষ ভুল থেকে শেখে, সেখান থেকে উন্নতি করে।’ সূত্র: ডেকান ক্রনিকলস।