কোহলির মত থাকবে না নতুন কোচ নিয়োগে

ভারতের পরবর্তী কোচ কে হবে, এটা নিয়ে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির কোনো মত নেওয়া হবে না। সুপ্রিম কোর্ট নিযুক্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান নির্বাহী বিনোদ রাই বলে দিলেন এমনটিই। এর আগে শোনা গিয়েছিল, ভারতীয় বোর্ডের গঠন করা ক্রিকেট পরামর্শক কমিটি (সিএসি) কোহলির ওপর নাখোশ। নতুন কোচ নিয়োগের ভার এই কমিটির ওপর। শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী আর ভিভিএস লক্ষ্মণের সমন্বয়ে গঠিত এই কমিটি কোহলির সঙ্গে আলোচনা করতে চায় না। এই ত্রয়ী চাওয়াটাকেই গুরুত্ব দিচ্ছে বোর্ড।
অনিল কুম্বলের প্রশংসা করেছেন রাই। বলেছেন, ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে তাঁর সময়টা ছিল দুর্দান্ত। তিনি কোচ হিসেবে কাজ করেছেন দারুণ। তবে দিন শেষ মাঠের দায়িত্বটা কিন্তু সামলাতে হয় অধিনায়ককেই।
নতুন কোচ নিয়োগ প্রসঙ্গে রাইয়ের মন্তব্য, ‘পরবর্তী কোচ নিয়োগের ক্ষেত্রে কোহলির কোনো অংশগ্রহণ থাকবে না। শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী আর ভিভিএস লক্ষ্মণের সমন্বয়ে গঠিত বোর্ডের উপদেষ্টা কমিটির দায়িত্ব নতুন কোচ নির্বাচন করা। এই উপদেষ্টা কমিটির সদস্যরা আমাদের ইতিহাসের সেরা তিন ক্রিকেটার। তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার কিছুই নেই।’
মুম্বাইয়ে আজ গুরুত্বপূর্ণ এক সভায় বসছেন বোর্ড কর্মকর্তারা। বৈঠক আছে সোমবারও। এই বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাই কুম্বলে-কোহলির মধ্যে বড় ধরনের মনোমালিন্যের বিষয়টি অস্বীকারই করেছেন, ‘দেখুন, ২৪ ঘণ্টা এক জায়গায় থাকলে নির্দিষ্ট কিছু ব্যাপারে মতপার্থক্য যে-কারোরই হতে পারে। আমার মনে হয় না ওদের মধ্যে খুব বড় কোনো সমস্যা হয়েছে। কুম্বলের চুক্তিটা এক বছরের ছিল। তিনি হয়তো কোচের পদে আর থাকতেই চাননি।’ সূত্র: এনডিটিভি।