কোহলির মধুরতম জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিমি অ্যান্ডারসন উইকেটে আসতেই তাঁকে ঘিরে ধরলেন ভারতীয় ফিল্ডাররা। বোলার রবিচন্দ্রন অশ্বিন এগিয়ে এসে দু-চার কথা শুনিয়েও দিলেন। অ্যান্ডারসনের সাহায্যে এগিয়ে যান বিরাট কোহলি। আম্পায়ার মারাইস ইরাসমাসও চলে আসেন ব্যাটিং প্রান্তে। মুম্বাই টেস্টের শেষ দিনের উত্তেজনা বলতে এতটুকুই। অশ্বিন যে এর আগেই ম্যাচের ফল নিয়ে সব অনিশ্চয়তা-উত্তেজনা ধুয়েমুছে দিয়েছেন। ইনিংস ও ৩৬ রানে হেরে সিরিজও (৩-০) খুইয়ে বসেছে ইংল্যান্ড।
ঝামেলাটা শুরু করেছিলেন অ্যান্ডারসন নিজেই। পরশু সংবাদ সম্মেলনে অ্যান্ডারসন কোহলির টেকনিক নিয়ে প্রশ্ন তুলেছিলেন, ‘আমার মনে হয়, ওর টেকনিকে যেসব দুর্বলতা আছে, তা এখানে প্রকাশিত হচ্ছে না। ওর দুর্বলতাগুলো ঢেকে দিচ্ছে এখানকার উইকেট।’ চলতি টেস্টেই যে ব্যাটসম্যান ২৩৫ রান করেছেন তাঁকে নিয়ে এমন কথা পছন্দ হয়নি অশ্বিনের। তাই সকালে নিজের প্রথম তিন ওভারে ৩ উইকেট তুলে নিয়েছেন! শেষ ব্যাটসম্যান হিসেবে অ্যান্ডারসনকে পেয়েই অশ্বিন হয়তো তাঁকে বলেছেন, ‘পরাজয় মেনে নিতে শেখো!’ যাঁকে নিয়ে এত কিছু, সেই কোহলি কিন্তু এ ঘটনায় মজা পেয়েছেন, ‘এই প্রথম আমি মাঠে কোনো পরিস্থিতি ঠান্ডা করতে গেলাম!’
ভাগ্যিস, এমন কিছু ঘটেছে, না হলে শেষ দিনটাকে মনে রাখার আর কোনো কারণ নেই। মাত্র ৩৩ মিনিটেই শেষ হয়ে গেছে দিনের খেলা! ইনিংস পরাজয় এড়াতে কাল মাত্র ৪৯ রান দরকার ছিল ইংল্যান্ডের, হাতে ৪ উইকেট। কিন্তু অশ্বিন সেই সুযোগ দিলে তো! মাত্র ২৪টি বল করেই শেষ করে দেন ইংল্যান্ডকে। ফুরিয়ে যাওয়ার আগে ১৯৫ রান করতে পেরেছে সফরকারীরা। চার ব্যাটসম্যানই ফিরেছেন অশ্বিনের বলে। কোহলি তাঁর সেরা অস্ত্রের প্রশংসা করতে গিয়ে যেন বাকহারা, ‘ওর বোলিংয়ের বর্ণনা দেওয়ার জন্য শব্দ খুঁজে পাচ্ছি না আর!’
কোহলি মিথ্যা বলেননি। পরশু ৪ উইকেটে ১৮০ রান তুলে ফেলা ইংল্যান্ড এভাবে ধসে পড়ল তো অশ্বিনের কারণেই। শেষ ৬.৩ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৬ উইকেট তুলে নিশ্চিত করেছেন দলের টানা পঞ্চম সিরিজ জয়। তবে এ সিরিজকেই সেরা মানছেন কোহলি, ‘গত ১৪-১৫ মাসে খেলা সিরিজগুলোর মধ্যে এটাই আমাদের মধুরতম জয়।’
কোহলির ঠিক উল্টো অবস্থা অ্যালিস্টার কুকের। একে নিজে নিষ্প্রভ, দলও সিরিজ খুইয়ে ফেলেছে। ভবিষ্যৎ নিয়ে ভাবছেন। সিরিজ হেরে বসার পর দলের ভবিষ্যৎ অধিনায়কও বেছে দিচ্ছেন কুক, ‘আমার মতে, জো রুট ইংল্যান্ডের অধিনায়ক হতে প্রস্তুত। দলের সবার সঙ্গে ভালো সম্পর্ক আছে, সবাই তাকে শ্রদ্ধা করে।’
আর মুম্বাই টেস্ট হারের পেছনে দল নির্বাচনে ভুল হয়েছে বলেই ধারণা কুকের, ‘আরেকজন স্পিনার থাকলে ভালো হতো। মো (মঈন আলী) আর র্যাশকে (আদিল রশিদ) অসম্মান করছি না, কিন্তু ২০১২ সালের গ্রায়েম সোয়ান ও মন্টি প্যানেসার ছিল বিশ্বমানের। মো ও র্যাশ ওই মানের নয়।’ এএফপি, ক্রিকইনফো।