কোহলির সমালোচনা চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>একসময় বিরাট শিখবে যে, এই খেলাটা শুধু জেতা বা হারার জন্য নয়। খেলতে খেলতে যে বন্ধুত্ব তৈরি হয়, এটাও অনেক বড় ব্যাপার—ডিন জোন্স এই ছেলেটা অনেক কথা বলে। ওর আসলে একদিন শচীন টেন্ডুলকারের কাছে গিয়ে কিছু শেখা উচিত—ডেভিড লয়েড

মাঠের লড়াই শেষ হয়ে গেছে ভারতের সিরিজ জয়ে। কিন্তু কথার লড়াই? সেটি থামার কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। বরং খোঁচাখুঁচি চলছেই। অস্ট্রেলীয়দের সঙ্গে বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে বলে আগের দিন ভারত অধিনায়ক বিরাট কোহলি যে মন্তব্য করেছিলেন, সে জন্য তাঁকে ধুয়ে দিচ্ছে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম। খেপেছেন অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান থেকে শুরু করে মার্ক টেলর ও ডিন জোন্সের মতো সাবেক খেলোয়াড়েরাও।

পুরো সিরিজে বেশ কয়েকবার নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ হারানোর জন্য ধর্মশালা টেস্ট শেষেই পুরস্কার বিতরণী মঞ্চে ক্ষমা চেয়েছেন স্মিথ। তবে তাতে মন গলেনি কোহলির। সোজা বলে দিয়েছেন, অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের সঙ্গে আর বন্ধুত্ব থাকছে না তাঁর।
কোহলির এ মন্তব্য খুব একটা ভালোভাবে নেননি অস্ট্রেলিয়ার কোচ লেম্যান, ‘এটা খুবই হতাশাজনক। তবে তার নিজস্ব মত থাকতেই পারে।’ ভারত অধিনায়ককে আরও ‘পরিণত’ হতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মার্ক টেলর। চ্যানেল নাইনের ওয়েবসাইটে নিজের প্রতিক্রিয়ায় টেলর লিখেছেন, ‘এখনকার ক্রিকেটাররা একে অন্যের সঙ্গে ও বিপক্ষে এত বেশি খেলে যে, ক্ষোভ পুষে রাখা ও এ রকম অবস্থান নেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত।’
ওদিকে ডিন জোন্স টুইট করেছেন, ‘একসময় বিরাট শিখবে যে, এই খেলাটা শুধু জেতা বা হারার জন্য নয়। খেলতে খেলতে যে বন্ধুত্ব তৈরি হয়, এটাও অনেক বড় ব্যাপার।’ সাবেক ইংলিশ ব্যাটসম্যান ডেভিড লয়েড আরেকটু কড়া সুরে বলেছেন, ‘এই ছেলেটা অনেক কথা বলে। ওর আসলে একদিন শচীন টেন্ডুলকারের কাছে গিয়ে কিছু শেখা উচিত।’
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম আরও এক ধাপ এগিয়ে। সিডনির ডেইলি টেলিগ্রাফ যেমন কোহলিকে ‘অহং বাতিকগ্রস্ত’ বলে দিয়েছে। পত্রিকাটি লিখেছে, ‘কোহলির উচিত ছিল প্রতিপক্ষের সঙ্গে হাত মেলানো এবং সব ভুলে এগিয়ে যাওয়া। কিন্তু ওটা না করে সে বাচ্চাদের মতো আচরণ করেছে।’ সিরিজ শেষে স্মিথ তাঁর আইপিএল-সতীর্থ ও ধর্মশালায় ভারপ্রাপ্ত ভারত অধিনায়ক অজিঙ্কা রাহানেকে আমন্ত্রণ জানিয়েছিলেন দল নিয়ে অস্ট্রেলিয়ায় ড্রেসিংরুমে বিয়ার পানের জন্য আসতে। টেলিগ্রাফ-এর দাবি, রাহানেসহ বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারের তাতে সম্মতিও ছিল। কিন্তু কোহলি রাজি না হওয়ায় তা আর হয়নি। এ ঘটনা উল্লেখ করে টেলিগ্রাফ তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে, ‘বিয়ারগেট: কোহলির সর্বশেষ ছোটলোকি আচরণ।’
ওপাশ থেকে জবাব আসতেও বোধ হয় খুব একটা দেরি নেই। কোহলি যদি কিছু না-ও বলেন, ভারতীয় সংবাদমাধ্যম কি এত সহজে ছেড়ে দেবে? এএফপি, ইন্ডিয়া টুডে, এনডিটিভি।