কোহলির সামনে টেন্ডুলকার-পন্টিং

ক্রিকেটের তিন সংস্করণেই তিনি সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান। তবে বিরাট কোহলির কাছে ওয়ানডে একটু বেশিই ‘প্রিয়’ হওয়ার কথা। বিশেষ করে রান তাড়া করে জয়ের ম্যাচে। শ্রীলঙ্কার বিপক্ষে আজ ৪র্থ ওয়ানডেতে কোহলি খেলেছেন তাঁর মতোই। ভারতীয় অধিনায়কের ২৯তম সেঞ্চুরিতে রানের পাহাড় গড়তে যাচ্ছে ভারত।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেন কোহলি। দলীয় ৬ রানে ওপেনার শিখর ধাওয়ান ফিরে গেলেও রোহিত শর্মাকে নিয়ে ২১৯ রানের জুটি গড়েছেন। এটি শ্রীলঙ্কার মাটিতে ২য় উইকেট জুটিতে সর্বোচ্চ। কোহলি সেঞ্চুরি পেয়েছেন ৭৬ বলে। লাসিথ মালিঙ্গার বলে আউট হওয়ার আগে ভারতীয় অধিনায়ক করেছেন ৯৬ বলে ১৩১ রান। কোহলিকে আউট করে ওয়ানডেতে ৩০০ উইকেট পূর্ণ করেছেন মালিঙ্গা।
ওয়ানডেতে সেঞ্চুরিসংখ্যায় কোহলির সামনে এখন মাত্র দুজন। ৪৯টি সেঞ্চুরি নিয়ে সবার ওপরে শচীন টেন্ডুলকার। দুইয়ে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, সাবেক অস্ট্রেলিয়া অধিনায়কের সেঞ্চুরি ৩০টি। আজ সেঞ্চুরি করে কোহলি চারে পাঠিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়াকে। বয়স মাত্র ২৮, ক্যারিয়ারটা প্রত্যাশামতো লম্বা হলে নিশ্চিত ওয়ানডেতে টেন্ডুলকারকে ছাড়িয়ে যাবেন কোহলি!
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের রান ৩৩ ওভার শেষে ২ উইকেটে ২৫২। সেঞ্চুরির পথে আছেন রোহিত শর্মা। তাঁকে সঙ্গ দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। সূত্র: ক্রিকইনফো।