কোহলির সেঞ্চুরিতে জিতল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিজে ফিরে উল্লাস ভারতীয় দলের। ছবি: রয়টার্স
সিরিজে ফিরে উল্লাস ভারতীয় দলের। ছবি: রয়টার্স

ইন্দোরের পর চেন্নাই। জয়ের ধারায় ফিরল ভারত। বিরাট কোহলির সেঞ্চুরিতে সিরিজের চতুর্থ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৩৫ রানে হারাল ভারত। 

জিততে হলে দক্ষিণ আফ্রিকাকে ৬ ওভারে করতে হতো ৭১ রান, হাতে যদিও উইকেট ছিল মাত্র ৪টি। কিন্তু উইকেটে ছিলেন ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরিয়ান এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ততক্ষণে পেয়ে গেছেন ক্যারিয়ারের ২২তম ওয়ানডে সেঞ্চুরি। আর সে সময়েই কিনা চেন্নাইয়ের স্পিন-বান্ধব উইকেটে ধোনি আক্রমণে ফেরালেন পেসার ভুবনেশ্বর কুমারকে। সেই ভুবনেশ্বর, যিনি প্রথম ৭ ওভারে ৫০ রান দিয়ে উইকেটশূন্য। যাঁর ৬ বল থেকে ডি ভিলিয়ার্স তুলে নিয়েছেন ১৪ রান।
ওভারের প্রথম দুই বল থেকেই দুটি ডাবল নিয়ে রান-বলের ব্যবধানটা আরও কমানো ডি ভিলিয়ার্স ফাঁদে পা দিলেন তৃতীয় বলে। শর্ট বলকে পুল করতে গিয়েছিলেন, কিন্তু ব্যাটের কানায় লেগে বলটা গেল উইকেটের পেছনে ধোনির হাতে। আউট! অপমৃত্যু হলো ডি ভিলিয়ার্সের ১১২ রানের দারুণ এক ইনিংসের। অপমৃত্যু হলো ম্যাচের রুদ্ধশ্বাস সমাপ্তিরও সম্ভাবনাও। ডি ভিলিয়ার্সকে আউট করার পরের ওভারে ভুবনেশ্বর নিয়েছেন আরও ২ উইকেট। ৫০ ওভারে ২৬৪ রানেই থেমেছে দক্ষিণ আফ্রিকার ইনিংস। প্রোটিয়া ইনিংসে প্রায় একাই লড়েছেন ডি ভিলিয়ার্স। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান ওপেনার কুইন্টন ডি ককের।
এর আগে বিরাট কোহলির ২৩তম ওয়ানডে সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ভারতের রান ৮ উইকেটে ২৯৯। মাত্র ৩৫ রানে দুই উইকেট পড়লেও দলকে কক্ষপথে ফেরাতে অজিঙ্কা রাহানে ও সুরেশ রায়নার সঙ্গে কোহলি গড়েন দুটি কার্যকর জুটি। কোহলি-রাহানের তৃতীয় উইকেটে আসে ১০৪ ও কোহলি-রায়নার চুতর্থ উইকেটে ১২৭ রান। ডেল স্টেইনের বলে আউটের আগে রায়না করেন ৫৩। আর কোহলির ব্যাট থেকে আসে ১৩৮ রানের ঝলমলে ইনিংস।
সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ আগামী পরশু মুম্বাইয়ে।