কোহলির স্বপ্ন এখন বড়

ওয়াসিম আকরাম একবার বলেছিলেন, পাকিস্তান-ভারত ম্যাচ হচ্ছে খেলাধুলায় সব দ্বৈরথের সেরা। শুধু কিংবদন্তি পাকিস্তানি ফাস্ট বোলার নয়, অনেকেই এমনটা মনে করেন। কিন্তু এজবাস্টনে পরশু যে ভারত-পাকিস্তান ম্যাচটা হলো, সেটি দেখে আকরামের ওই কথাটাকে হাস্যকরই মনে হতে পারে! প্রতিদ্বন্দ্বিতা দূরের কথা, পাকিস্তানকে একেবারে দুরমুশ করে দিয়ে ভারত ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জিতল ১২৪ রানে। চ্যাম্পিয়নস ট্রফিতে এই ম্যাচটির পর ভারতীয় সংবাদমাধ্যমও তাই বলছে—সব দ্বৈরথের সেরা নয়, এটা এখন সবচেয়ে একতরফা ম্যাচগুলোর একটা।
বলার কারণও আছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে ১১ বারের সাক্ষাতে ভারতকে কখনো হারাতে পারেনি পাকিস্তান। শুধু এই চ্যাম্পিয়নস ট্রফিতেই মুখোমুখি লড়াইয়ে এত দিন ২-১ ব্যবধানে এগিয়ে ছিল পাকিস্তান, পরশু সেটাও ২-২ হয়ে গেল। সব মিলিয়ে আইসিসির টুর্নামেন্টে ১৫ বারের সাক্ষাতে পাকিস্তান জিতেছে মাত্র দুবার! প্রতিদ্বন্দ্বিতা এর চেয়ে একতরফা তো আর হতে পারে না।
টুর্নামেন্ট শুরুর আগে এটিকে স্রেফ আর দশটা ম্যাচের মতো বলে দাবি করেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দুর্দান্ত জয়ের পরও তাঁর কণ্ঠে অনেকটা আগের সুর, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের কাছ সব জয়ই গুরুত্বপূর্ণ। সেটা যে দলের বিপক্ষেই হোক না কেন।’ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই জয়ের পর কোহলি চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে বড় স্বপ্নই দেখতে শুরু করেছেন, ‘দলের দৃষ্টিকোণ থেকে যদি বলি, এটা একটা বিশাল জয়। একটা বড় টুর্নামেন্ট ভালোভাবে শুরু করার জন্য এমন একটা জয়ের দরকার ছিল।’
সেই জয়ের পেছনে দলের ব্যাটসম্যানদেরই সবচেয়ে বেশি কৃতিত্ব দিয়েছেন ভারত অধিনায়ক। তবে এর মধ্যেও আলাদা করে বলেছেন অভিজ্ঞ যুবরাজ সিংয়ের কথা। চার নম্বরে ব্যাট করতে নেমে ৩২ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন। তৃতীয় উইকেটে কোহলিকে সঙ্গে নিয়ে গড়েছেন ৯৩ রানের জুটি, যেখানে ওভারপ্রতি উঠেছে ৯.৬২ রান। কোহলি রীতিমতো মুগ্ধ যুবরাজের পারফরম্যান্সে, ‘ও যেভাবে ব্যাট করছিল, তাতে আমার নিজেকে ক্লাব পর্যায়ের ব্যাটসম্যান মনে হচ্ছিল। এই ম্যাচটা যুবিই ঘুরিয়েছে।’ এএফপি, রয়টার্স।