কোহলির ৭১তম শতক পাকিস্তানে দেখতে চান ভক্ত
বর্তমান সময়ের তো বটেই, সর্বকালের সেরাদের তালিকার দিকেই ছুটছেন বিরাট কোহলি। যেভাবে এগোচ্ছিলেন, তাতে আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের ১০০ শতকের রেকর্ড কোহলি ভাঙবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু ৭০তম শতকের পর সেই যে তিন অঙ্কের সঙ্গে আড়ি চলছে কোহলির, তা আর ভাঙছেই না। দুই বছরের বেশি সময় ধরে তিন সংস্করণের কোথাও শতকের দেখা পাননি ভারতের সাবেক অধিনায়ক।
এ নিয়ে আলোচনা চলছে বহুদিন ধরে। এর মধ্যে কোহলির জন্য এক প্রস্তাব নিয়ে হাজির হয়েছেন পাকিস্তানি এক সমর্থক। পাকিস্তানের মাটিতে ৭১তম শতক করার আহ্বান জানিয়েছেন রাওয়ালপিন্ডি টেস্ট দেখতে যাওয়া এক পাকিস্তানি দর্শক।
মোহালিতে শ্রীলঙ্কার বিপক্ষে এই সপ্তাহেই শততম টেস্ট খেলেছেন কোহলি। এমন উপলক্ষ অবশ্য রাঙাতে পারেননি, আউট হয়েছেন ৪৫ রানে। কয়েক দিন পরই আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৪ বছর পূর্ণ করবেন ৩৩ বছর বয়সী কোহলি। এই দীর্ঘ সময়েও পাকিস্তানে খেলা হয়নি তাঁর। হওয়ার কথাও নয়, ভারত পাকিস্তানে সর্বশেষ সফর করেছে ২০০৬ সালে। তাঁর আন্তর্জাতিক অভিষেকের দুই বছর আগে।
দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনার কারণে দ্বিপক্ষীয় ক্রিকেট বন্ধ থাকায় পাকিস্তানের মাটিতে কখনো খেলা হয়নি তাঁর। তবে আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে বা এশিয়া কাপে বহুবার পাকিস্তানের মুখোমুখি হয়েছেন কোহলি। পাকিস্তানের বিপক্ষে কোহলি বেশ উজ্জ্বল। ১৩ ওয়ানডেতে করেছেন ৫৩৬ রান এবং সাতটি টি-টোয়েন্টিতে ৭৭.৭৫ গড়ে রান করেছেন ৩১১। কিন্তু সরাসরি ঘরের মাঠে তাঁর খেলা দেখা হয়নি পাকিস্তানের দর্শকদের।
শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলী, বীরেন্দর শেবাগদের প্রজন্মকেই সর্বশেষ নিজেদের মাঠে পেয়েছিল পাকিস্তান। এমনকি মহেন্দ্র সিং ধোনিও ২০০৬ সালে খেলে এসেছেন পাকিস্তানে। কিন্তু কোহলি-রোহিত শর্মাদের প্রজন্মের কেউ পাকিস্তানে খেলেননি। কোহলি ক্যারিয়ারের কোনো এক সময়ে পাকিস্তানের মাটিতে খেলবেন, এই স্বপ্ন দেখেন তাঁর পাকিস্তানি ভক্তরা। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট চলাকালে গতকাল এক ভক্তকে একটি ব্যানার ধরে থাকতে দেখা গেছে, যাতে কোহলির ছবিসহ লেখা ছিল, ‘আমরা আপনার ৭১তম সেঞ্চুরি পাকিস্তানে দেখতে চাই ।’
এর আগে পাকিস্তান সুপার লিগের সময় একটি প্ল্যাকার্ড নিয়ে তোলা এক কোহলি–ভক্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে লেখা ছিল, ‘আমি পাকিস্তানে আপনার শতক দেখতে চাই।’ রাওয়ালপিন্ডি টেস্টে আরেক ভক্তের হাতে থাকা একটি ব্যানারে দেখা যায়, ‘সবচেয়ে বড় ম্যাচ পাকিস্তান বনাম ভারত (টি-টোয়েন্টি বিশ্বকাপ), ২৩ অক্টোবর ২০২২। রোহিত বনাম শাহিন।’
এ বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।