কোহলির 'ঘরের শত্রু বিভীষণ' শামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোহলিকে আউট করার উপায় বাতলে দিলেন শামি। ফাইল ছবি
কোহলিকে আউট করার উপায় বাতলে দিলেন শামি। ফাইল ছবি
>এবার নিজের ঘরের এক সতীর্থই বলে দিলেন বিরাট কোহলিকে আউট করার জন্য কী করতে হবে

বিশ্বের সেরা ব্যাটসম্যান হওয়ার সম্মান যেমন আছে, ঝামেলাও কিন্তু কম নেই।

সব বোলারের মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকতে হয়। কীভাবে তাঁকে কম রানে আটকে ফেলা যায়, সে নিয়ে সব বোলার গবেষণা করেন। ফলে শীর্ষে থাকার জন্য ব্যাটসম্যানকে নিয়মিত নিজের টেকনিক নিয়ে কাজ করে যেতে হয়। শচীন টেন্ডুলকার-ব্রায়ান লারারা এককালে যেই ‘যন্ত্রণা’র মধ্য দিয়ে গিয়েছেন। এখন একই ‘যন্ত্রণা’ বিরাট কোহলির নিত্যদিনের সঙ্গী।

কিছুদিন আগে বিরাট কোহলিকে আউট করার উপায় বাতলে দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন সাবেক পাকিস্তানি পেস বোলার শোয়েব আখতার। এবার অবশ্য বিরাটের ‘শত্রু’ খোঁজার জন্য চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানে যেতে হয়নি, নিজের ঘরের একজনই বলে দিয়েছেন বিরাটকে আউট করার মন্ত্র। সেই ‘বিভীষণ’টির নাম মোহাম্মদ শামি।

জাতীয় দলের সতীর্থ হলেও আইপিএলে একাধিকবার কোহলিকে আউট করেছেন তিনি। আইপিএলের শুরু থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন কোহলি। ওদিকে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ডেয়ারডেভিলস হয়ে মোহাম্মদ শামি এখন আছেন কিংস ইলেভেন পাঞ্জাবের ক্যাম্পে। তবে যে দলেই থাকুন না কেন, বেশ কয়েকবার কোহলিকে আউট করেছেন শামি। কোহলির দুর্বলতা খুঁজে গেমপ্ল্যান তৈরি করে সাফল্য পেয়েছেন।

আর কোহলিকে আউট করার জন্য এই গেমপ্ল্যান বা সুনির্দিষ্ট পরিকল্পনা করার দিকেই বেশি জোর দিয়েছেন এই পেস তারকা, ‘একজনের সঙ্গে অনেক দিন ধরে খেললে ও একসঙ্গে অনেক সময় কাটালে সেই ক্রিকেটারের শুধু শক্তি সম্পর্কেই জানা যায় না। তার দুর্বলতাও চোখে পড়ে। বোলার হিসেবে আমার কর্তব্য সেই দুর্বল জায়গাগুলো মাথায় রেখে সুনির্দিষ্ট পরিকল্পনা করা। কোহলি যে সেরা ক্রিকেটার তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে সেরাদেরও দুর্বলতা থাকে। যা নিয়ে রীতিমতো পরিকল্পনা করা যায়। সেই একটা দুর্বলতাতে ফোকাস করতে হয়।’

কোহলির দুর্বলতা কী তা পুরোপুরি খোলসা করে বলেননি শামি। সেটা অন্যান্য বোলারদের ওপর ছেড়ে দিয়েছেন খুঁজে বের করার জন্য, ‘একটা উদাহরণ হিসেবে বলা যাক, একজন ব্যাটসম্যানের দুর্বলতম জায়গা কোনটা? তা খুঁজে নিয়ে তা নিয়ে বারবার অনুশীলন করতে হবে। আইপিএলে তাকে বেশ কয়েকবার আউট করেছি। বেশি কিছু না জানিয়েই বলছি, তার দুর্বল জায়গাগুলো নিয়ে পরিকল্পনা করতে হবে। তাহলেই তাঁকে আউট করা যাবে।’

তবে শামি স্পষ্টভাবে না বললেও কিছুদিন আগে শোয়েব আখতার অত রাখঢাকের মধ্য দিয়ে যাননি। প্রতিদ্বন্দ্বী শিবিরের পেসার বলেই কি না, একদম বিশ্লেষণ করেছেন কোহলির দুর্বলতা। শোয়েব বলেছিলেন, ‘কোহলিকে বল করতে হলে আমি একদম ক্রিজের পাশ থেকে আসতাম। বলটা তাঁর (কোহলি) সামনে ফেলে বের করে নেওয়ার চেষ্টা করতাম। ড্রাইভ করাতাম।’

ধরা যাক, এই ডেলিভারিতে কাজ হলো না। ঠিক জায়গাতে দাঁড়িয়েই বলগুলো মাঝ ব্যাটে খেললেন কোহলি। তখন কী করবেন শোয়েব? এমনিতে একটা কথা প্রচলিত আছে, অফ স্টাম্পের একটু বাইরে মাপা লেংথের সুইং খানিকটা অস্বস্তি নিয়ে খেলেন কোহলি। আবার ঠিক একই জায়গায় তাঁকে খুব ভালোও খেলতে দেখা গেছে।

ওয়ানডেতে প্রায় ৬০, টেস্টে ৫৩ ব্যাটিং গড়ের কোহলিকে আউট করার দ্বিতীয় পরিকল্পনাও খুলে বলেছিলেন শোয়েব, ‘ওটায় কাজ না হলে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করে আউট করব।’