কোহলির 'দ্বিতীয় পছন্দের' পেসারই পথ দেখালেন ভারতকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুবনেশ্বরই জয়ের ভিত গড়ে দিলেন ভারতের। ছবি: এএফপি।
ভুবনেশ্বরই জয়ের ভিত গড়ে দিলেন ভারতের। ছবি: এএফপি।

উমেশ যাদবের গতি আর অমিত মিশ্রর লেগ স্পিনই বেশি পছন্দ বিরাট কোহলির। সেই বিবেচনায় তাঁরা দুজন ভারতের টেস্ট অধিনায়কের ‘দ্বিতীয় পছন্দের’ই বোলার। কিন্তু সেই দুজন—ভুবনেশ্বর কুমার ও রবিন্দ্র জাদেজাই কাল পথ দেখিয়েছেন ভারতকে। বিশেষ করে ভুবনেশ্বর। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজের তৃতীয় এই টেস্ট দিয়েই প্রায় দেড় বছর পর পাঁচ দিনের ক্রিকেটে খেলতে নেমেছেন ২৬ বছর বয়সী ভারতীয় পেসার। নেমেই পাঁচ উইকেট!
ভুবনেশ্বরের গতি ও নিখুঁত লেংথের বোলিংয়ের মুখেই কাল টেস্টের চতুর্থ দিনে খেই হারাল ওয়েস্ট ইন্ডিজ। ১ উইকেটে ১০৭ রান থেকে অলআউট হয়ে গেছে মাত্র ২২৫ রানে। পরে ব্যাট করতে নেমে ভারত ৩৯ ওভারে ৩ উইকেট হারিয়ে করেছে ১৫৭ রান। টেস্টে এখনো পুরো একটি দিন বাকি, ৭ উইকেট হাতে রেখে এরই মধ্যে ২৮৫ রানের লিড নেওয়া ভারত এই টেস্টে জয়ের আশা করতেই পারে।
বৃষ্টি টেস্টের তৃতীয় দিনে একটা বলও মাঠে গড়াতে দেয়নি। দ্বিতীয় দিনে ব্যাট ও বল হাতে ওয়েস্ট ইন্ডিজ এই টেস্টে ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার ইঙ্গিতই দিচ্ছিল। ভারতকে প্রথম ইনিংসে ৩৫৩ রানে অলআউট করার পর নিজেরা করে ফেলেছিল ১ উইকেটে ১০৭। চতুর্থ দিন শুরুও করল সেখান থেকে। ১২ ওভারে মধ্যেই দুই ব্যাটসম্যান লিওন জনসন ও ড্যারেন ব্রাভোকে হারালেও এমন ধসে পড়ার ইঙ্গিত তখনো ছিল না। মারলন স্যামুয়েলস (৪৮) ও জার্মেইন ব্ল্যাকউড ঠিকই পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন ক্যারিবীয়দের। একটা সময় ৩ উইকেটে ২০২ রানও করে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ।
কিন্তু তখনো যে দৃশ্যপটে দেখাই দেননি ভুবনেশ্বর! মধ্যাহ্ন বিরতির পর দুর্ধর্ষ এক স্পেলেই তছনছ করে দিলেন ক্যারিবীয়দের। নিখুঁত লাইন-লেংথের ফলই তুলে নিলেন একে একে। ব্ল্যাকউডকে দিয়ে শুরু, দুজনের দ্বৈরথে টানা ১৫ বলে কোনো রান নিতে পারেননি ব্ল্যাকউড। ১৬তম বলটি ছিল আউটসুইং, স্লিপে কোহলির হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ব্ল্যাকউড। এরপর ৪৮ রান করা স্যামুয়েলস, এবার ইনসুইঙ্গারে। টানা চার আউট সুইঙ্গারের পর হঠাৎ ভেতরে ঢোকা বলে বিভ্রান্ত স্যামুয়েলস হয়ে গেলেন প্লেড অন। একে একে ডাওরিচ-হোল্ডার-জোসেফদেরও ফেরালেন ভুবনেশ্বর। ভয়ংকর সেই স্পেলটার বিশ্লেষণ এমন, ১১.৪-৬-১৬-৫!
এ তো গেল ভুবনেশ্বরের কথা। কোহলির আরেক ‘দ্বিতীয় পছন্দের’ বোলার রবীন্দ্র জাদেজাও কি কম! না, ভুবনেশ্বরের মতো উইকেট পাননি। শুধু আগের টেস্টের সেঞ্চুরিয়ান রোস্টন চেজের উইকেটই তাঁর প্রাপ্তি। তবে এক প্রান্ত থেকে ঠিকই চাপে রেখেছেন ক্যারিবীয় ব্যাটসম্যানদের।
এই দুজনের বোলিংই মূলত মাত্র ২৩ রানের ফিরিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজের শেষ সাত ব্যাটসম্যানকে। বৃষ্টিতে কার্যত চার দিনে নেমে আসা টেস্টে ভারতের জয়ের আশাও তাতে হলো উজ্জ্বল। পরিকল্পনাও এখন সহজ হয়ে গেল কোহলিদের, দ্বিতীয় ইনিংসে দ্রুতলয়ে ব্যাট করতে হবে। এখন পর্যন্ত ওভারপ্রতি চারের একটু ওপরে রান বলছে, পরিকল্পনাটা ভালোই কাজে লাগাচ্ছে ভারত।

তবে কোহলির দুর্ভাগ্য, এই টেস্টে একেবারেই রান পেলেন না। প্রথম ইনিংসে করেছিলেন ৩, দ্বিতীয় ইনিংসে ৪। রাহুল (২৮) ও ধাওয়ানের (২৬) পর অধিনায়ককেও হারিয়ে একটু বেপথু হতে বসেছিল ভারত। তবে সেটি হতে দেননি অজিঙ্কা রাহানে ও রোহিত শর্মা। দুজনই দিন শেষে অপরাজিত ছিলেন। ফিফটি পেয়েছেন রাহানে (৫১), রোহিতের রান ৪১। সূত্র: ক্রিকইনফো।