কোহলির 'স্বপ্নের বছরের' স্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ছবিটা প্রকাশ পেয়েছিল দুই মাস আগে। হলুদাভ একটা ছবি, তবু বুঝতে অসুবিধা হচ্ছিল না যে ছবিটা একটা টেস্ট ম্যাচের। ব্যাটসম্যানটা বিরাট কোহলি। ব্যাটের গ্রিপ এবং দুই পা ও মাথার অবস্থান বুঝিয়ে দিচ্ছে, রিভার্স সুইপ খেলছেন ভারত অধিনায়ক। কোহলিকে প্রচ্ছদে বসিয়ে এ বছরের উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক বের হয়েছে আজ। উইজডেনের ২০১৬ সালের ‘লিডিং’ ক্রিকেটারও কোহলি।
প্রচ্ছদটা দুই মাস আগে প্রকাশিত হলেও কোহলি যে এবারের ‘লিডিং’ ক্রিকেটার হচ্ছেন, সেটা জানা গেল কাল। প্রচ্ছদের ছবি দেখে যে ‘লিডিং’ ক্রিকেটার বোঝার উপায় রাখে না উইজডেন। কোহলির ছবিটা বেছে নেওয়ার পেছনে উইজডেন অ্যালম্যানাক লরেন্স বুথের যুক্তিটাও ছিল দারুণ, ‘এতে বোঝা যায়, কোহলি একজন আধুনিক ক্রিকেটার। আর প্রচ্ছদে অপ্রথাগত কিছু দেওয়ার সঠিক সময় এটা। উইজডেনকে সবাই সাবেকি ধারার মূল সমর্থক ভাবে। কিন্তু ক্রিকেট দ্রুত বদলাচ্ছে, আর তা বোঝাতে কোহলিই সঠিক লোক।’
বুথের ভাষায় গত বছরটা ছিল কোহলির ‘স্বপ্নের বছর’, ‘তিন সংস্করণেই অন্য সবার চেয়ে সেরা ছিল তাঁর গড়: টেস্টে ৭৫ (৭৫.৯৩), ওয়ানডেতে ৯২ এবং টি-টোয়েন্টিতে ১০৬ (১০৬.৮৩)!’
উইজডেন লিডিং ক্রিকেটার নির্বাচন করতে শুরু করেছে ২০০৪ সাল থেকে। তবে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচন সেই ১৮৮৯ সাল থেকে চলে আসা প্রথা। ২০১৬ সালের বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় এবার দুই পাকিস্তানি। লর্ডসে অসাধারণ এক সেঞ্চুরি, সেটার উদ্যাপনে পুশ আপ দেওয়া, আর ইংল্যান্ডে টেস্ট সিরিজ ড্র করে আসা—সেটাও ৪২ বছর বয়সে, মিসবাহ-উল-হকের অন্তর্ভুক্তিটা কোনো বিস্ময় জাগায়নি। একই সিরিজে ওভাল টেস্টে চাপের মুখে ২১৮ রানের ইনিংসের কল্যাণে আছেন ইউনিস খানও।
বাকি তিনজন ইংল্যান্ডের। ২০১৬ সালে ইংল্যান্ডের হয়ে অলরাউন্ড পারফরম্যান্সে নজরকাড়া ক্রিস ওকসের সঙ্গে আছেন ইংলিশ মৌসুমে ২৭০৬ রান করা বেন ডাকেট ও হ্যাটট্রিক করে মিডলসেক্সকে কাউন্টি জেতানো পেসার টবি রোল্যান্ড-জোনস। ক্রিকইনফো।