কোহলিরা ১১ জন মিলেও ছাড়াতে পারলেন না পাকিস্তানি স্পিনারকে
বেশি না, মাত্র গত বছরের কথা। বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় খেলতে গিয়েছিল পাকিস্তান। সিরিজের দ্বিতীয় টেস্ট দেখেছিল ডেভিড ওয়ার্নার-কাব্য, দিন–রাতের টেস্টে গোলাপি বলকে কীভাবে শাসন করতে হয়, দেখিয়েছিলেন এই ওপেনার। কিন্তু তা সত্ত্বেও একটা ঘটনা কিছুক্ষণের জন্য হলেও আলো কেড়ে নিয়েছিল ওয়ার্নারের ওপর থেকে। সে টেস্টে পাকিস্তানের বিশেষজ্ঞ স্পিনার ইয়াসির শাহ যে সেঞ্চুরি করে বসেছিলেন!
প্রশ্ন উঠতে পারে, এত দিন পর আবার এই জিনিস নিয়ে কথা কেন। গতকাল অ্যাডিলেডে ৩৬ রানের মধ্যেই ভারতের গুটিয়ে যাওয়া পাদপ্রদীপের আলোয় নিয়ে আসছে অনেক ঘটনাকে। এর মধ্যে ইয়াসির শাহের এই সেঞ্চুরিটাও আছে। ইয়াসির যে এই সেঞ্চুরিটা করেছিলেন এই অ্যাডিলেডেই, আরেকটা দিন–রাতের টেস্টে, গোলাপি বল খেলেই!
ভারতের ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে মনে হতে পারে, অ্যাডিলেড বুঝি ব্যাটসম্যানদের জন্য বধ্যভূমি। রান করা বুঝি বিশ্বের কঠিনতম কাজগুলোর একটি। ব্যাপারটা যে তেমন নয়, সেটা ওই টেস্টেই মহাকাব্যিক সে সেঞ্চুরি করে জানিয়ে দিয়েছিলেন ইয়াসির। দুর্দান্ত সেঞ্চুরিটি করার পথে ১৯২ বল খেলেছিলেন এই স্পিনার, কস্মিনকালেও যার মূল কাজ ব্যাটিং ছিল না। যেখানে ভারতের ১১ ব্যাটসম্যান মিলে গতকাল খেলেছেন ১২৮ বল। ইয়াসির ওই ইনিংসে চার মেরেছিলেন এক ডজন। ভারতের ১১ ব্যাটসম্যান মিলে কাল চার মেরেছেন ইয়াসিরের চেয়ে আটটা কম।
সে টেস্টে অস্ট্রেলিয়ার পেস বিভাগ সামলেছিলেন এই মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। ভারতের বিপক্ষেও তাঁরাই ছিলেন। পাকিস্তানের বিপক্ষে রণমূর্তি ধরেছিলেন স্টার্ক, ভারতের যম হিসেবে আবির্ভূত হয়েছেন আবার হ্যাজলউড। ইয়াসিরের সেঞ্চুরি করা ইনিংসটায় আধা ডজন উইকেট নিয়েছিলেন স্টার্ক।
শেষমেশ যদিও ম্যাচের ভাগ্যে পরিবর্তন আনতে পারেননি ইয়াসির। ভারতের মতো হার মানতে হয়েছিল পাকিস্তানকেও। হারা ম্যাচে নিজেকে আলাদা করতে পেরেছিলেন ইয়াসির, যে কাজটা ভারতের কেউ করতে পারলে হয়তো এদিন দেখা লাগত না কোহলিদের!