কোহলি-আনুশকার পাশে যুবরাজও

বিরাট কোহলি এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, যুবরাজের চেয়ে ভালো বুঝবে কে? ২০১১ বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হলেন। কিন্তু ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ব্যর্থতার দায়ে যুবরাজের বাড়িতেই পড়ল ঢিল! কোহলির অবস্থাও অনেকটা তা-ই। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে বাজে পারফরম্যান্সের পর থেকেই তাঁর মুণ্ডুপাত করা হচ্ছে। সমালোচনার তির থেকে রেহাই মিলছে না প্রেমিকা আনুশকা শর্মারও। এমন প্রতিকূল পরিস্থিতিতে সৌরভ গাঙ্গুলির মতো যুবিও দাঁড়াচ্ছেন এ জুটির পাশে।
গতকাল কোহলি-অনুশকা জুটির সমর্থনে একাধিক টুইট করেছেন যুবি। একটিতে লিখেছেন, ‘ভারতীয় দলের প্রকৃত সমর্থক, যাঁরা জয় বা পরাজয় সব সময়ই আমাদের পাশে থাকেন, দয়া করে কোহলি-অনুশকার ব্যক্তিগত জীবনকে সম্মান করুন।’ ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত খেলেছিলেন কোহলি। সে কথা মনে করিয়ে দিয়ে যুবি লিখেছেন, ‘যে ব্যাটসম্যান অস্ট্রেলিয়া সফরে ৫টি সেঞ্চুরি করতে পারেন, তাঁকে আরও বেশি সম্মান ও সমর্থন করা উচিত।’ কোহলির প্রতিভার প্রতি আস্থা রেখে এ বাঁহাতি ব্যাটসম্যান লিখেছেন, ‘দেশের হয়ে ব্যাট হাতে আবার উজ্জ্বল হয়ে উঠবে কোহলি।’