কোহলি-পেইনের ঝগড়া ছিল মজার!

পার্থ টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং করছিলেন টিম পেইন আর উসমান খাজা। ভালো একটা জুটিই গড়ে ফেলেছিলেন। কিন্তু প্রতিপক্ষের অধিনায়ক বিরাট কোহলি তা কীভাবে উপভোগ করেন? জুটি ভাঙার লক্ষ্যেই হয়তো একটু নরম-গরম শুরু করলেন। অস্ট্রেলীয় অধিনায়ক টিম পেইনের দিকে এগিয়ে গিয়ে কিছু কথাও শুনিয়ে দিলেন। পেইনও ছেড়ে কথা বলবেন কেন? তিনিও দুকথা শুনিয়ে দেন ভারতীয় অধিনায়ককে। কোহলি-পেইনের বাদানুবাদ যথেষ্ট বিতর্কেরই জন্ম দিয়েছে। কোহলিকেই মূলত তুলোধুনো করছেন সবাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি রীতিমতো নাস্তানাবুদ হচ্ছেন নিজের কর্মকাণ্ডের জন্য। কিন্তু কোহলি-পেইনের মধ্যে ঘটে যাওয়া সেই বাদানুবাদের ঘটনাটি বেশ পছন্দ হয়েছে অস্ট্রেলীয় কোচ জাস্টিন ল্যাঙ্গারের।
নিজের ভাবনার একটা ব্যাখ্যা দিয়েছেন ল্যাঙ্গার, ‘আমার কাছে জিনিসটা মজাই লেগেছে। দুই অধিনায়ক নিজের জায়গায় ঠিক থেকে একটা তর্কযুদ্ধে জড়িয়ে পড়েছিল। আমার মনে হয় না যে এখানে কোনোপ্রকার কটূক্তি বা বাড়াবাড়ি হয়েছিল। তাঁদের কথার মধ্যে ছিল একধরনের ঠাট্টা। যা একটা টেস্ট ম্যাচকে উত্তপ্ত করতে কিছুটা প্রয়োজন। এটা একটা টেস্ট ম্যাচের অংশ। এটা আমাদের জন্য মর্যাদাহানিকর? আমার মনে হয় না। আমরা অনেক বাজেভাবে নিজেদের মর্যাদা ক্ষুন্ন হয়েছে। মাঠে এ রকম মজা করা আমাদের জন্য ভালোই।’
পার্থে জিতে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া। বল টেম্পারিংয়ের ঘটনার পর এটি অস্ট্রেলিয়ার প্রথম জয়। এটি কোচ হিসেবে জাস্টিন ল্যাঙ্গারের প্রথম টেস্ট জয়। জয়টি পেয়ে কতটা স্বস্তি পেয়েছেন ল্যাঙ্গার অকপটে জানিয়েছেন সেটিও,‘ঋষভ পন্ত যখন আউট হল, পাঁচ মাস পর আমি যেন স্বস্তির নিশ্বাস ফেলতে পারলাম। তখন থেকেই আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম আমরা টেস্টটা জিতছি।’