কোহলি-যুগের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধোনির ব্যাটন কোহলির হাতে l এএফপি
ধোনির ব্যাটন কোহলির হাতে l এএফপি

কোনো সংবাদ সম্মেলন নয়, নেই কোনো আবেগময় বক্তৃতাও। এই প্রচারের যুগে সতীর্থদের কাঁধে চড়ে বর্ণিল বিদায়ের লোভটাও সামলেছেন কী অবলীলায়! টেস্ট ক্রিকেট থেকে মহেন্দ্র সিং ধোনির অবসরের ঘোষণা তাই যেমন আকস্মিক, তেমনি রহস্যময়ও। যে রহস্য আর তাঁর হঠাৎ বিদায়ের ধাক্কা নিয়েই শুরু হচ্ছে ভারতের টেস্ট ক্রিকেটে বিরাট কোহলি-যুগ।
পরিসংখ্যানে ধোনি ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক। কিন্তু ইদানীং পাঁচ দিনের ক্রিকেটে তাঁর নেতৃত্ব ভীষণভাবেই প্রশ্নবিদ্ধ হচ্ছিল। উদ্ভাবনী সিদ্ধান্তের অভাব, রক্ষণাত্মক মনোভাব একঘেয়ে হয়ে উঠেছিল অনেকের কাছে। বিপরীতে কোহলির সাহসী নেতৃত্ব আশা দেখাচ্ছিল ভারতীয়দের। প্রত্যাশার একটু আগেই কোহলির হাতে পাকাপাকি অধিনায়কত্ব চলে আসায় তাই ভারতীয় ক্রিকেটে একটা নতুন যুগের সূচনাও দেখছেন অনেকে। সেই অনেকের মধ্যে আছেন বিদেশের মাঠে ভারতের সবচেয়ে সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও। দারুণ আক্রমণাত্মক মনোভাব দিয়ে সৌরভ বদলে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটকেই। কোহলির মধ্যেও যেন নিজের ছায়াটাই দেখছেন সৌরভ, ‘ওর মানসিকতাটাই আমার ভালো লাগে। ও যেভাবে ক্রিকেটকে দেখে সেটাই আমার পছন্দ।’
চোটের কারণে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি ধোনি। মেলবোর্নে ভারতের সিরিজ হার নিশ্চিত হয়ে যাওয়ার পর যখন বিদায় বললেন, সিডনিতে শেষ টেস্টটা কিন্তু বাকি। এভাবে সিরিজের মাঝপথে দলে যোগ দিয়ে আবার সিরিজ শেষের আগেই বিদায় বলে দেওয়ায় কিছুটা বিস্মিত কিংবদন্তি সুনীল গাভাস্কারও। তবে উত্তরসূরি হিসেবে কোহলিকে নিয়ে বেশ আশাবাদী তিনি, ‘কোহলি এরই মধ্যে দেশকে নেতৃত্ব দিয়েছে৷ দায়িত্বভার ওর ওপর প্রভাব ফেলেনি৷ ভারতীয় ক্রিকেটে শুধু নতুন বছর আসছে তাই নয়, কোহলির অধিনায়কত্বে নতুন যুগের সূচনা হচ্ছে৷ আশা করব, আমরা এগিয়ে যাব৷ শুধু প্রতিপক্ষের সম্মান আদায় করা নয়, ম্যাচও জিতব৷’
কোহলি যে শুধু সম্মান আদায় করেছেন তা নয়, এই সিরিজেই বারবার বাগ্যুদ্ধে জড়িয়ে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শত্রুতেও পরিণত হয়েছেন। বিশেষ করে মিচেল জনসনের সঙ্গে মাঠে তাঁর কথার লড়াই যেন সিরিজটির নিয়মিত দৃশ্য। মেলবোর্নে বাগ্যুদ্ধে জড়িয়েছেন ব্র্যাড হাডিনের সঙ্গেও। অধিনায়ক হওয়ায় সন্দেহ নেই, এখন তিনি অস্ট্রেলিয়ানদের আরও বড় লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। অস্ট্রেলিয়া কোচ ড্যারেন লেম্যান তো রসিকতা করে এরই মধ্যে বলে দিয়েছেন, ‘কোহলির সঙ্গে আমরা তো এখনো কিছু শুরুই করিনি!’
কোহলির এই আগ্রাসী মনোভাবকে ইতিবাচক দেখেছেন আরেক সাবেক ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড়ও। তবে অধিনায়ক হওয়ায় কোহলির কাছ থেকে দায়িত্বশীল আচরণও আশা করেন ভারতীয় ব্যাটিংয়ের বিগত দিনের ‘দেয়াল’, ‘এই আক্রমণাত্মক মনোভাবটা হয়তো তার কাজে দেবে। তবে আমার মনে হয় কিছুদিন গেলে সে এটাও বুঝতে পারবে যে, দলে অন্য অনেকেই আছে যারা সবাই একই মানসিকতার নয়। সাফল্যের অন্য পথটাও তাই তার খুঁজে নিতে হবে। কোনো পথই সঠিক কিংবা ভুল নয়। শুধু আলাদা পথ, এই যা। তাকে সবার জন্য পরিবেশ তৈরি করে দিতে হবে।’ ক্রিকইনফো, এএফপি, আইএএনএস।