কৌতুকের অনুষ্ঠানে গিয়ে কৌতুক করেই কিনা তোপের মুখে শোয়েব আখতার! ‘কমেডি নাইটস উইথ কপিল’ ভারতের সীমানা পেরিয়ে পাকিস্তানেও জনপ্রিয় অনুষ্ঠান। সেখানেই ভারতীয় ক্রিকেটার হরভজন সিংয়ের সঙ্গে গিয়েছিলেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার। পাকিস্তান ক্রিকেটের বর্তমান কাঠামো, দলের সিনিয়র কয়েকজন খেলোয়াড়ের ফিল্ডিং, তাঁদের ইংরেজি-জ্ঞান নিয়ে ‘ঠাট্টা’ করেছিলেন। অনুষ্ঠানের এই পর্ব জনপ্রিয়তা পেলেও পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও কর্মকর্তারা ভারতের টেলিভিশন চ্যানেলে শোয়েবের আচরণে ক্ষুব্ধ। সরফরাজ নওয়াজ সবিস্ময়ে বলেছেন, ‘আমি জানি না সে কেন পাকিস্তান ক্রিকেটকে নিয়ে ভারতীয় চ্যানেলে এত সমালোচনা করেছে। সে যখন জাতীয় দলে খেলত তখন তো তাকে দেশপ্রেমিক পাকিস্তানি বলেই জানতাম।’ শোয়েব ‘সস্তা জনপ্রিয়তা’ চেয়েছেন বলেও মনে হয়েছে তাঁর কাছে, ‘আমাদের ক্রিকেটকে খাটো করে (শোয়েব) আখতারের কী লাভই বা হলো! এটা কি ভারতে জনপ্রিয়তা পাওয়ার একটা উপায়!’ কদিন আগে মিসবাহকে ‘ভীরু’ ও ‘স্বার্থপর’ বলেছিলেন শোয়েব। বোলিংয়ে ঝড় তোলার উপায় নেই, তবে অবসর নিয়ে সমালোচনার ঝড় ঠিকই তুলছেন শোয়েব! পিটিআই।