ক্যাচ ইট!

বিপিএলে ঢাকা-পর্বের দ্বিতীয় দিনেও নিরুত্তাপ ম্যাচের প্রদর্শনী। আজ জমজমাট ম্যাচ দেখা না গেলেও দেখা গেছে দুর্দান্ত কিছু ক্যাচ। ক্যাচগুলোর হাইলাইটস দেখে নিন আরেকবার—
খুলনা টাইটানস ইনিংসের ১৫.৩ ওভার। তাসকিন আহমেদের বলে পয়েন্টে শূন্যে শরীর ভাসিয়ে থিতু হয়ে যাওয়া মাহমুদউল্লাহর ক্যাচ লুফে নেন এনামুল হক। মাহমুদউল্লাহর আত্মবিশ্বাসী চেহারা অবশ্য বলছিল, বলটা মাটি স্পর্শ করতে পারে। যদিও আম্পায়ারের ‘সফট সিগন্যাল’ ছিল আউট! ক্যাচটা নিশ্চিত হওয়া গেল টিভি রিপ্লে দেখে।

চিটাগং ভাইকিংস ইনিংসের ২.৫ ওভার। আবু জায়েদের বল মিড উইকেট দিয়ে পার করতে চেয়েছিলেন দিলশান মুনাবীরা। ডিপ স্কয়ার লেগ থেকে অনেক খানি দৌড়ে দুর্দান্ত ক্যাচ নিয়ে দুহাত উঁচিয়ে রাইলি রুশো এমন এক অভিব্যক্তি করলেন, যার অর্থ হতে পারে, ‘দেখলে কী ধরলাম’!
একই ইনিংসের ৪.৪ ওভারে কার্লোস ব্রাফেটকে মিড অফের ওপর দিয়ে তুলে মারতে চেয়েছিলেন এনামুল। না ঘুরেই মিড অফ থেকে বেশ খানিক পিছিয়ে ক্যাচটা নেন জোফরা আর্চার। তবে সবচেয়ে চোখধাঁধানো ক্যাচ হয়েছে নাজমুল হোসেনের। ১৫.৫ ওভারে লং অন দিয়ে আবু জায়েদকে উড়িয়ে মারতে চেয়েছিলেন মিসবাহ-উল-হক। আরেকটু হলেই ফসকে যাচ্ছিল ক্যাচটা। সীমানার কাছে তিনবারের চেষ্টায় ক্যাচটি তালুবন্দী করতে পারেন নাজমুল!

সন্ধ্যার ম্যাচে মুগ্ধতা ছড়ানো ক্যাচ বলতে ১৩.৬ ওভারে মারলন স্যামুয়েলসের ক্যাচটা। মোহাম্মদ নবীকে রিভার্স সুইপ করতে চেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ব্যাকওয়ার্ড পয়েন্টে পাখির মতো ছোঁ মেরে ডান হাতে ক্যাচটা লুফে নেন স্যামুয়েলস।