ক্যাচ নিয়ে কী প্যাঁচ
আয়ারল্যান্ডের ৩৩১ রান তাড়া করছে জিম্বাবুয়ে। তাদের ইনিংসের ৪৭তম ওভারের পঞ্চম বল। প্রয়োজন ২০ বলে ৩২ রান। কেভিন ও’ব্রায়েনের ফুল-লেংথ বলটিকে ডিপ মিড উইকেটে পাঠালেন শন উইলিয়ামস। বাউন্ডারির একেবারে প্রান্তে লাফিয়ে উঠে তালুবন্দী করলেন জন মুনি। কিছুক্ষণ লাগল ভারসাম্য সামাল দিতে। ধাতস্ত হয়ে সীমানারেখা দেখলেন একবার, এরপরই শুরু করলেন উল্লাস।
উইলিয়ামসের চোখেমুখে তখন অবিশ্বাস! দুহাত হাঁটুতে ঠেকিয়ে মাথা নিচু করে থাকলেন কিছুক্ষণ, এত কাছে এসেও যে শেষটা করতে পারলেন না! হাঁটা দিলেন, ড্রেসিংরুমের পথটা যেন শেষই হতে চায় না। টেলিভিশন আম্পায়ার রিপ্লে দেখছেন তখন, মুনির পা সীমানারেখা ছুঁয়েছে কি না। একবার...দুবার—রিপ্লে দেখা হলো আটবার। তবুও ‘নিশ্চিত’ হলো না কিছু, সীমানাদড়িই কি নড়ে উঠেছিল, নাকি তা শুধুই মুনির পায়ের ছায়া? তৃতীয় আম্পায়ার ক্যাচই বহাল রাখলেন। ততক্ষণে উইলিয়ামস পৌঁছে গেছেন ড্রেসিংরুমে, নতুন ব্যাটসম্যান তিনাশে পানিয়াঙ্গারাও ক্রিজে পৌঁছে গার্ড নেওয়া শুরু করেছেন। ম্যাচের গতিপথটা যেন নির্ধারণ করে দিল ওই ক্যাচই। তবে ম্যাচ শেষে ভারপ্রাপ্ত জিম্বাবুইয়ান অধিনায়ক ব্রেন্ডন টেলর বলছেন, তাঁরা ‘অন্যায় বিচারের’ শিকার হয়েছেন। এ ক্ষেত্রে অবশ্য ফিল্ডারের ‘ভূমিকা’কেই মুখ্য মানছেন টেলর, ‘আপনাকে তার (মুনি) কথা মেনে নিতে হবে। তারা (ম্যাচ অফিশিয়াল) জুম-ইন করে দেখলেন, আমার কাছে পরিষ্কারই (নট আউট) মনে হলো। কিন্তু কিছু করার নেই, আপনাকে ফিল্ডারের কথাই শুনতে হবে।’ আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড অবশ্য ‘হওয়া বা না-হওয়া’ ক্যাচটিকেই বড় করে দেখছেন, ‘আপনি যখন সীমানায় দাঁড়িয়ে থাকবেন, তখন এসব বলা শক্ত। আমি রিপ্লে দেখিনি। সে (মুনি) সীমানারেখা ছুঁক বা না ছুঁক, এটা একটা অসাধারণ ক্যাচ।’ তবে যা-ই হোক, আইরিশদের সঙ্গে হেরে কোয়ার্টার ফাইনালের আশা শেষ হয়ে গেছে জিম্বাবুয়ের। ‘অস্পষ্ট’ একটা ক্যাচ জিম্বাবুইয়ানদের কত দিন তাড়া করে বেড়াবে, কে জানে! এএফপি, ক্রিকইনফো।