ক্যাচ নিয়ে ম্যাক্সওয়েলেরই প্রশ্ন

লিয়াম প্লাঙ্কেট ক ম্যাক্সওয়েল ব কামিন্স—বাক্যটা সত্য বলছে না! ক্রিকেটের নিয়মে উইকেটটি কামিন্সের। কিন্তু এটি গ্লেন ম্যাক্সওয়েলের খতিয়ানে তুলে দিলেও মনে হয় না কামিন্স আপত্তি করতেন। পরশুর ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাক্সওয়েলের নেওয়া দ্বিতীয় ক্যাচটির যে এমনই মাহাত্ম্য।
হেডিংলিতে ৪৫.১ ওভারের খেলা চলছে তখন। প্যাট কামিন্সের কোমরসমান বলটিকে ডিপ মিড উইকেটে উড়িয়ে মারলেন লিয়াম প্লাঙ্কেট। সীমানাদড়িতেই দাঁড়ানো ম্যাক্সওয়েল বলটি ধরতে লাফিয়ে উঠলেন। দুহাতে চেপেও ধরলেন বলটিকে, কিন্তু ততক্ষণে শরীরের ভারসাম্য আর নিয়ন্ত্রণে নেই। উপস্থিত বুদ্ধির দুর্দান্ত প্রদর্শনীতে সীমানাদড়ির ওপারে শরীর চলে যাওয়ার আগেই বলটিকে বাতাসে ভাসিয়ে দিলেন ম্যাক্সওয়েল। সেকেন্ডেরও কম সময়ের মধ্যে শরীরের নিয়ন্ত্রণ নিয়ে ফিরতি লাফ দিলেন। বাতাসে ভাসতে থাকা অবস্থায়ই বলটিকে ধরে এলেন সীমানার ভেতরে। পুরো ব্যাপারটিই ছিল অবিশ্বাস্য। অস্ট্রেলিয়ার এবিসি চ্যানেলের সাবেক সাংবাদিক মার্ক ডি স্টেফানো যথার্থই বলেছেন, ‘ম্যাক্সওয়েলের ক্যাচটি বুঝতে হলে আপনাকে সেটি দেখতেই হবে।’
ক্যাচটি সবার কাছেই বিস্ময়কর। তবে বিস্ময়কর ম্যাচ-পরবর্তী ম্যাক্সওয়েলের প্রতিক্রিয়াও। ক্রিকেট আইনের যে সংশোধিত ধারাটির কারণে বৈধতা পাচ্ছে ক্যাচটি, সেটি নিয়ে প্রশ্ন তুলছেন এই অস্ট্রেলিয়ান নিজেই। ২০১৩ সালের অক্টোবরে সংশোধনের আগে নিয়মটি এ রকম ছিল যে, ক্যাচ ধরার আগে একজন ফিল্ডারকে সীমানার ভেতরেই থাকতে হবে এবং ক্যাচটি নিশ্চিত করার আগে পা থাকতে হবে মাঠের মধ্যেই। সীমানার বাইরে থেকে লাফ দেওয়া ম্যাক্সওয়েল ভাসমান অবস্থাতেই বলটি হাতে নেওয়া সত্ত্বেও ক্যাচটি এই সংশোধনীবলেই বৈধতা পাচ্ছে।
নতুন আইনে ঘোর আপত্তি জানিয়ে ম্যাচ শেষে ম্যাক্সওয়েল বলেছেন, ‘এটার কোনো মানে হয় না। আমার মনে হয় ক্যাচ ধরতে একজন ফিল্ডারের মাঠের ভেতরে ফিরে আসা উচিত। বাস্কেটবলে যেমন, ভেতরে থাকা অবস্থাতেই আপনাকে বলটি বাতাসে ছুড়তে হবে। আপনি যদি সীমানার বাইরে থেকে লাফ দিয়ে ফেরার সময়ে বাতাসে ভাসমান অবস্থায় থাকেন, তাহলে বলটি ধরতে পারবেন না। নিশ্চিত করতে হবে আপনার পা সীমানার ভেতরে মাটিতেই আছে। ক্রিকেটেও এমন হওয়া উচিত।’ ক্রিকইনফো, ক্রিকেট অস্ট্রেলিয়া।