ক্যাচ নিয়ে 'ধুন্ধুমার' জিম্বাবুয়ে-হল্যান্ড ম্যাচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্লের এই ক্যাচটিই বিতর্ক ছড়িয়েছে জিম্বাবুয়ে-হল্যান্ড ম্যাচে। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া
বার্লের এই ক্যাচটিই বিতর্ক ছড়িয়েছে জিম্বাবুয়ে-হল্যান্ড ম্যাচে। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

ম্যাচটি ওয়ানডে মর্যাদা পায়নি। হল্যান্ডের ওয়ানডে মর্যাদা না থাকায় জিম্বাবুয়ের বিপক্ষে আমস্টারডামের লড়াইটি লিস্ট ‘এ’-এর বেশি কিছু ছিল না। কিন্তু সেই ম্যাচটিই কিনা আলোচনা আর বিতর্কের জন্ম দিয়েছে একটি ক্যাচকে কেন্দ্র করে। গত বৃহস্পতিবার জিম্বাবুয়ে ক্রিকেটার রায়ান বার্ল হল্যান্ডের ওপেনার স্টিভেন মাইবার্গের একটি শটে বাউন্ডারি লাইনে ক্যাচ নিলে সেটি নিয়ে বিতর্ক বাঁধে। বার্ল দাবি করেছিলেন, ক্যাচ নেওয়ার সময় তাঁর পা বাউন্ডারির দড়ি অতিক্রম করেনি। কিন্তু ছবিতে দেখা যায় ক্যাচটি নেওয়ার সময় তাঁর পা বাউন্ডারি অতিক্রম করে। টেলিভিশন রিপ্লের সুবিধা না থাকায় পুরোনো দিনের মতো ফিল্ডারের দাবিই মেনে নিতে হয় হল্যান্ডকে। কিন্তু বার্ল সত্যি না বলায় সামাজিক যোগাযোগের মাধ্যমে এ নিয়ে চলছে ব্যাপক বিতর্ক। শেষ পর্যন্ত বার্ল অবশ্য স্বীকার করেছেন, ক্যাচটি শুদ্ধ ছিল না।
ম্যাচে স্টিভেন মাইবার্গ ও ওয়ারেন বারেসির ১৪৩ রানের ওপেনিং জুটিতে ভর করে ২৯১ রানের বিশাল সংগ্রহ গড়ে হল্যান্ড। অধিনায়ক গ্রায়েম ক্রেমারের বলে লং অনে ক্যাচ দেন মাইবার্গ। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে বার্ল ক্যাচটি নিলেও ঠিক সেই মুহূর্তে তাঁর পা বাউন্ডারির দড়ি অতিক্রম করে যায়। আউট হওয়ার সময় ফিল্ডার বার্লের দাবিই মেন নেন ডাচ ব্যাটসম্যান মাইবার্গ। তাঁর ৭৭ রানের পাশাপাশি বারেসির ৬৭ রানসহ মিচেল রিপনের ৩৬ ফন ডার মারউইর ২৩, লোগান ফন বিকের ৩১ আর সিকান্দার জুলফিকারের হল্যান্ডের রান দাঁড়ায় ৬ উইকেটে ২৯১।
জয়ের আশায় থাকা হল্যান্ডকে অবশ্য হতাশায় ভাসিয়েছে বৃষ্টি। খেলা অনেকক্ষণ বন্ধ থাকার পর ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৬ ওভারে ২২৯। সলোমন মায়ারের ৮২ আর ক্রেইগ অরভিনের ৭৭ রানে হাতে ৬ উইকেট রেখে সেই লক্ষ্য খুব সহজেই পেরিয়ে যায় জিম্বাবুয়ে।
গতকাল তৃতীয় ম্যাচে অবশ্য বড় ব্যবধানেই (১৪৯ রান) হেরেছে টেস্ট খেলুড়ে জিম্বাবুয়ে। হল্যান্ডের ২৭৯ রানের জবাবে জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে যায় ১৩০ রানেই। হল্যান্ডের শেন স্ন্যাটার ও রলফ ফন ডার মারউই নেন ৩টি করে উইকেট। এ ছাড়া ফ্রেড ক্লাসেন দুটি আর পল ফন মিকিরেন ও লোগান ফন বিক নিয়েছেন একটি করে উইকেট।
২০ জুন প্রথম ম্যাচে হল্যান্ডকে ১৪২ রানে গুটিয়ে দিয়ে ৬ উইকেটের জয় পায় জিম্বাবুয়ে।
বৃহস্পতিবার ক্যাচ ধরার মিথ্যা দাবি অনুশোচনায় পোড়াচ্ছে বার্লকে। ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমি স্টিভেন ও ডাচ সমর্থকদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি আমার ক্যাচ নেওয়ার ছবিটা দেখেছি, সেটি যে ক্যাচ ছিল, তাতে কোনো সন্দেহ নেই। সে সময় অবশ্য আমি বুঝতে পারিনি। এটা আমার ইচ্ছাকৃত কোনো মিথ্যাচার নয়।’
ডাচ অধিনায়ক পিটার বোরেন অবশ্য বার্লের ক্ষমা প্রার্থনাকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকেই দেখছেন। সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া, ক্রিকইনফো।