ক্যাচ ছাড়ার ফায়দা তুলল চিটাগং

জাতীয় দলের হয়ে দুই বছর আগে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন এনামুল হক বিজয়। এবার বিপিএলেও তেমন ভালো শুরু করতে পারেননি। চিটাগং ভাইকিংসের হয়ে প্রথম ৪ ম্যাচে তাঁর মোট স্কোর ছিল ৩৮। কিন্তু আজ খুলনা টাইটানসের বিপক্ষে হেসেছে বিজয়ের ব্যাট। ৪৭ বলে ৬২ রান করে বিজয় তুলে নিয়েছেন এবারের আসরে নিজের প্রথম হাফ সেঞ্চুরি। আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৬০ রান তুলেছে চিটাগং। তবে খুলনার ফিল্ডাররা ক্যাচ ছাড়ার মহড়া না দিলে চিটাগংয়ের স্কোর আরও ছোট হতে পারত।
চিটাগং আজ মাঠে নেমেছে নিয়মিত অধিনায়ক মিসবাহ-উল হককে ছাড়াই। তাঁর অনুপস্থিতিতে নেতৃত্বভার পান লুক রনকি। টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই রনকিকে হারায় চিটাগং। তাঁকে মাহমুদউল্লাহর তালুবন্দী করেন খুলনার পেসার আবু জায়েদ। তিনে ব্যাটিংয়ে নেমে সৌম্য সরকারের সঙ্গে ৭৭ বলে ৯৫ রানের জুটি গড়েন বিজয়। ৩৪ বলে ৩২ রান করা সৌম্যকে ১৪তম ওভারে ফেরান খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ। পরের ওভারেই তৃতীয় বলে বিজয়কে উইকেটের পেছনে ধীমান ঘোষের ক্যাচে পরিণত করেন আবু জায়েদ। ৩ ছক্কা ও ৫ বাউন্ডারিতে ইনিংসটি সাজান তিনি। ওই ওভারেই সিকান্দার রাজাকেও ফেরান জায়েদ। দারুণ বোলিং করে ৩ উইকেট নেন খুলনার এই পেসার।
১৫ ওভার শেষে চিটাগংয়ের স্কোর ছিল ৪ উইকেটে ১০৮ রান। এখান থেকে শেষ ৩০ বলে ৫২ রান তুলতে সমর্থ হয় চিটাগং। শেষ পাঁচ ওভারে দলটির দ্রুত রান তোলার নেপথ্যে রয়েছে পঞ্চম উইকেটে স্টিয়ান ফন জিল-নজিবুল্লাহ জাদরান জুটির ভূমিকা। ২৮ বলে ৫০ রানের জুটি গড়েন তাঁরা। ১৬ বলে ২৪ রান করেন নজিবুল্লাহ, ১৫ বলে ২৩ রান নিয়ে অপরাজিত ছিলেন ফন জিল।
গোটা ম্যাচে ক্যাচ ছাড়ার মহড়া দিয়েছেন খুলনার ফিল্ডাররা। ইনিংসের প্রথম বলেই দুর্দান্ত চেষ্টা চালিয়েও রনকিকে তালুবন্দী করতে পারেননি খুলনার রাইলি রুশো। এরপর ১১তম ওভারে সৌম্যর সহজ ক্যাচ ছেড়েছেন খুলনার অধিনায়ক নিজেই। স্কয়ার লেগে দাঁড়িয়ে মাহমুদউল্লাহর মুঠো ফসকে যায় বল। এক ওভার পরই সৌম্যর আরও একটি ক্যাচ মিস করেন মাহমুদউল্লাহ। এ ছাড়া ১৮তম ওভারে আবু জায়েদের প্রথম বলে ক্লিঙ্গার ক্যাচ মিসের পর চতুর্থ বলে ফন জিলকে ‘জীবন’ উপহার দেন সেই মাহমুদউল্লাহই! সতীর্থরা এ দুটি ক্যাচ নিতে পারলে ৫ উইকেটের দেখা পেতেন জায়েদ। সত্যিই ফিল্ডিংয়ে আজ ভীষণ বাজে দিন কাটল খুলনা অধিনায়কের।