ক্যাডি ওয়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেন ওয়ার্ন
শেন ওয়ার্ন

অ্যাশেজে আপাতত বিরতি। স্কাই স্পোর্টসের হয়ে ধারাভাষ্য থেকে তাই কদিন ছুটি মিলেছে। শেন ওয়ার্ন এই সময়টা কাজে লাগালেন গলফ কোর্সে। না, নিজে খেলেননি। পেশাদার সিনিয়র ট্যুরে পিটার ও’ম্যালেইয়ের ক্যাডি ছিলেন ওয়ার্ন! ইংল্যান্ডের সানিংডেলে পরশু সারা দিনই তাই ম্যালেইয়ের গলফের সরঞ্জাম নিয়ে ছোটাছুটি করেছেন। তা কেমন অভিজ্ঞতা হয়েছে সর্বকালের অন্যতম সেরা স্পিনারের? ওয়ার্ন রোমাঞ্চিতই, ‘দারুণ লেগেছে। পিটার বলটা মারছিল দারুণভাবে, ওর সঙ্গে সময়টা অনেক উপভোগ করেছি। তবে ব্যাগ বহন করা ছাড়া সেই অর্থে আমাকে তেমন কিছু করতে হয়নি। শেষ দিকে অবশ্য একটু ভারী লাগছিল।’ নিজে শখের বশে গলফ খেললেও পেশাদার টুর্নামেন্টে এখনো হাতেখড়ি হয়নি। সেটা নিয়ে প্রশ্ন করা হলে ওয়ার্ন বললেন সুপ্ত ইচ্ছার কথা, ‘স্বপ্ন তো দেখতেই পারি। সিনিয়র ট্যুরে খেলতে পারলে খুবই ভালো লাগবে। টিভির কাজ যদি না পাই, আর বছর দুয়েক অনুশীলন করতে পারি, কে জানে কী হয়!’ ও’ম্যালেইও পরে জানিয়েছেন, ওয়ার্ন নিজের ‘দায়িত্ব’ ভালোমতোই পালন করেছেন। অবশ্য পেশাদার হলেই ওয়ার্ন সিনিয়র ট্যুরে খেলতে পারবেন না, বয়স অন্তত ৫০ হতে হয়। ওয়ার্নের তো ‘মাত্র’ ৪৫ চলছে! মেইল অনলাইন।