ক্যানবেরা হয়ে উঠবে এক টুকরো বাংলাদেশ!

মিরপুর, চট্টগ্রাম কিংবা সিলেট-দেশের মাটিতে খেলা মানেই মাঠে খেলে ১১ জন টাইগার, স্টেডিয়াম রূপ নেয় এক টুকরো বাংলাদেশে! দেশের মাটিতে বাংলাদেশ যে কতটা কঠিন প্রতিপক্ষ, তা স্বীকার করে নেয় বড় দলগুলোও। কারণ ওই যে, পুরো স্টেডিয়াম প্রকম্পিত হয় ‘বাংলাদেশ, বাংলাদেশ’ গর্জনে! ক্রিকেট মাঠে এখনো বিশ্বসেরা হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি বাংলাদেশ। তবে ক্রিকেট নিয়ে উন্মাদনায় যে বাংলাদেশই সেরা, তাতে অত্যুক্তি নেই!
অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ। দেশের মাটিতে যে সমর্থন পান টাইগাররা, তার ছিটেফোঁটাও হয়তো পাওয়া যায় না বিদেশবিভুঁইয়ে, এটিই স্বাভাবিক। বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের সেরা সাফল্য ঘরের মাটির ২০১১ বিশ্বকাপে। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লজ্জাজনক দুটি হার বাদ দিলে আয়ারল্যান্ড-হল্যান্ডের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় তুলে নিয়েছিল বাংলাদেশ, হারের লজ্জা দিয়েছিল ইংল্যান্ডকেও। এসবের পেছনে অনুপ্রেরণা হয়ে এসেছিল নিজেদের সমর্থকদের অভাবনীয় সমর্থন। তাই বাংলাদেশ দল হয়তো খানিকটা মন খারাপ করতে পারে এই ভেবে, ‘ইশ, দেশে যেমনটা সমর্থন পেতাম, অমনটা যদি এখানেও হতো! ’
মাশরাফিদের জন্য সুসংবাদ। আগামীকাল ক্যানবেরার মানুকা ওভালে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিতে গ্যালারি মাতাবে ‘এক টুকরো বাংলাদেশ’! বাংলাদেশ-অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ রানার মতে, সংখ্যাটা সাত থেকে আট হাজারের কম নয়! বাংলাদেশ হাইকমিশনার কাজী ইমতিয়াজ হোসেন জানিয়েছেন, টিকিট না পাওয়া অসংখ্য প্রবাসী বাংলাদেশি এদিন বাধ্য হয়েই খেলা দেখবেন টিভির পর্দায়।
এই তো সেদিন ক্যানবেরায় পৌঁছে সিডনি মর্নিং হেরাল্ডকে এনামুল বলেছিলেন, ‘আমরা হারলে বাংলাদেশ কাঁদে, আমরা জিতলে সবাই আনন্দে মেতে ওঠে। তাই আমাদের দেশের মানুষের জন্য হলেও পারফর্ম করতে হবে। ’ এমনিতে ক্যানবেরার আবহাওয়া বিভাগ জানিয়েছে, কাল তাপমাত্রা গিয়ে ঠেকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস, বিকেল-সন্ধ্যায় হতে পারে বজ্রসহ বৃষ্টিও! এসব উপেক্ষা করেও যারা মাঠে খেলা দেখতে যাবেন, অন্তত তাঁদের জন্য হলেও তো জেতা উচিত এনামুলদের!