ক্যানবেরায় 'প্রোটিয়া-তাণ্ডব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাশিম আমলা ও ফাফ ডু প্লেসিই আসলে গড়ে দিয়েছেন ৪১১’র ভিতটা। ছবি: এএফপি
হাশিম আমলা ও ফাফ ডু প্লেসিই আসলে গড়ে দিয়েছেন ৪১১’র ভিতটা। ছবি: এএফপি

আজকের দিনটা এবি ডি ভিলিয়ার্সের ছিল না। কিন্তু দিনটা পুরোপুরিই নিজের করে নিয়েছিলেন হাশিম আমলা আর ফাফ ডু প্লেসি। আমলার দুর্দান্ত ১৫৯ আর ডু প্লেসির ১০৯ রানের ভিতের ওপর দাঁড়িয়ে রাইলি রুশো আর ডেভিড মিলারের ‘ঝড়ে’ ক্যানবেরায় আয়ারল্যান্ডের বিপক্ষে ৪১১ রানের বিশাল সংগ্রহ গড়ে তুলেছে দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪০৮ রান সংগ্রহের নিজেদের রেকর্ডটি ভেঙে দক্ষিণ আফ্রিকা আজ নতুন করে লিখল নিজেদের গৌরবগাথা। এটি বিশ্বকাপের ইতিহাসেরই দ্বিতীয় সর্বাধিক স্কোর।
আমলার ইনিংসটি ছিল ১২৮ বলে, ১৬টি চার আর চারটি ছয়ের মারে সাজানো। আগের দিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সতীর্থ এবি ডি ভিলিয়ার্সের ‘তাণ্ডব’ বোধহয় আমলাকে এমন একটি ইনিংস খেলতে উজ্জীবিত করে থাকতে পারে। আজ নিজের ২০তম সেঞ্চুরিটি করে আমলা ঢুকে গেছেন ইতিহাসেও। তিনি সবচেয়ে দ্রুততম সময়ে একদিনের ক্রিকেটে মালিক হয়েছেন ২০টি সেঞ্চুরির। আয়ারল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচটি ছিল তাঁর ১১১তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ।
ডু প্লেসিও কম যাননি। তাঁর সেঞ্চুরিটি আমলার মতো ‘খুনে’ না হলেও তা আইরিশ বোলিংকে ‘খুন’ করার জন্য ছিল যথেষ্টই। ১০৯ বলেই এসেছে তাঁর ১০৯ রানের ইনিংসটি। এতে ছিল ১০টি চার ও একটি ছয়ের মার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমলার সঙ্গে ডু প্লেসির ২৪৭ রানের জুটিটি হচ্ছে বিশ্বকাপে প্রোটিয়াদের পক্ষে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটি।
দিনটা ডি ভিলিয়ার্সের ছিল না বললে এই অসাধারণ ব্যাটসম্যানটিকে একটু খাটোই করা হয়। আউট হয়োর আগে তিনি তাঁর খেলার কিছুটা ক্যানবেরার মাঠে দেখিয়ে গেছেন মাত্র ৯ বলে ২৪ রান করে তাণ্ডবলীলার ইঙ্গিতটাও দিয়েছিলেন বেশ জোরের সঙ্গে। বিশেষ করে হাতে দশটির মতো ওভার রেখে উইকেটে ডি ভিলিয়ার্সের উপস্থিতি তেমন কিছুরই পূর্বাভাষ জানাচ্ছিল। কিন্তু তাঁর দুর্ভাগ্য একটি রিভার্স সুইপ খেলতে গিয়ে অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে নেইল ও’ব্রেইনের হাতে ধরা পড়ে যবনিকাপাত হয় তাঁর ইনিংসটির।
আয়ারল্যান্ড হাওয়ায় ভাসছিল হাশিম আমলা, ফাফ ডু প্লেসি কিংবা এ​বি ডি ভিলিয়ার্সের মতো ব্যাটসম্যানদের স্বল্পতম সময়ের মধ্যে ফিরিয়ে দিতে পেরে। কিন্তু মিলার ও রুশো যে শেষের দিকে এভাবে জ্বলে উঠবেন, সেটা বোধহয় তারা ভাবেননি। শেষ দিকে রীতিমতো ঝড় তুলেই রাইলি রুশো আর ডেভিড মিলারের কল্যাণে দলীয় সংগ্রহটা চারশ পার করে দক্ষিণ আফ্রিকা। রুশোর ব্যাট থেকে মাত্র ৩০ বলে আসে ৬১ রান। মিলার ৪৬ রান করেন ২৩ বলে। এই দুই ব্যাটসম্যান শেষ সাত ওভারে ৯৫ রান তুলে নিজ দলকে নিয়ে যান গৌরবজনক উচ্চতাতেই। পঞ্চম উইকেটে এই দুই ব্যাটসম্যান ওভারপ্রতি ১২ রানের মতো করে তুলে নিজেদের মধ্যে গড়েন ১১০ রানের অবিচ্ছিন্ন এক জুটি।
আইরিশ বোলাররা, বলাই বাহুল্য, প্রায় সবাই ছিলেন খরচে। এঁদের মধ্যে সফলতম অ্যান্ডি ম্যাকব্রাইন। ৬৩ রান দিয়ে তাঁর ঝুলিতে গেছে ২ উইকেট। এছাড়া জন মুনি ও কেভিন ও’ব্রেইন নিয়েছেন একটি করে উইকেট। সূত্র: স্টারস্পোর্টস।