ক্যানসার ফিরেছে মার্টিন ক্রোর শরীরে

২০১২ সালে ক্যানসার ধরা পড়ার পর গত দুই বছরে চিকিৎসা-টিকিৎসা করে প্রায় সেরেই উঠেছিলেন। কিন্তু মার্টিন ক্রোর ক্যানসার নাকি আবারও ফিরেছে শরীরে। টুইটারে নিজেই এই দুঃসংবাদটি জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
দুবছর ধরেই চলছিল নানা ধরনের চিকিৎসা। কেমোথেরাপি নিচ্ছিলেন নিয়মিতভাবেই। গত বছরজুড়ে তাঁর আরোগ্য লাভের হারটা ছিল রীতিমতো আশাজাগানিয়া। ক্রো নিজেই তাঁর ‘ভালো অনুভব করা’র বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু এবার বললেন, তাঁর শরীরে যা বাসা বেঁধেছে, সেটাকে বিদায় করা এত সোজা নয়।
কিছু দিন আগ পর্যন্ত সুস্থই বোধ করছিলেন। হঠাৎ করেই ক্যানসারের উপসর্গগুলো আবার নতুন করে দেখা দেওয়ায় বিশেষজ্ঞের শরণাপন্ন হতেই পুরো ব্যাপারটা জানতে পারেন। ক্রো টুইটারে লিখেছেন, ‘গত দুই বছর ক্যানসারকে প্রায় হারিয়েই দিয়েছিলাম। চিকিৎসাটা এত ভালো হয়েছিল যে ভেবেছিলাম কয়েক বছরের জন্য বোধহয় নিশ্চিন্তই হয়ে গেলাম। কিন্তু ক্যানসার হার মানার নয়। আবারও অসুস্থ বোধ করছি। আবারও চিকিৎসা শুরু করতে হচ্ছে।’
নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসের সেরা এই ব্যাটসম্যান ৭৭টি টেস্ট খেলে ৪৫.৩৬ গড়ে ৫ হাজার ৪৪৪ রান করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর ২৯৯ রানের ইনিংসটি কিছু দিন আগ পর্যন্ত ছিল নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ টেস্ট ইনিংস। খেলেছেন ১৪৩টি ওয়ানডে, ৩৮.৫৫ গড়ে তাঁর সংগ্রহ ৪ হাজার ৭০৪ রান। ১৯৯২ সালের বিশ্বকাপে তাঁর অনন্য ব্যাটিং-শৈলী নিউজিল্যান্ডকে নিয়ে গিয়েছিল বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে। সেমিতে পাকিস্তানের কাছে অভাবনীয় হার না মানলে সেবার কিউইরা ফাইনালেই খেলত। সূত্র: রয়টার্স।