ক্যান্ডির সেই টেস্টে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাকে ব্যান্ডেজ লাগিয়ে মাঠ ছাড়ছেন স্টিভ ওয়াহ l ফাইল ছবি
নাকে ব্যান্ডেজ লাগিয়ে মাঠ ছাড়ছেন স্টিভ ওয়াহ l ফাইল ছবি

১৭ বছর পর টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার জয়। সেটিও ক্যান্ডির আরেক মাঠ পাল্লেকেলেতেই! কালকের এই জয় তাই ফিরিয়ে আনল ’৯৯ সালের ১০ সেপ্টেম্বরের ভুতুড়ে সেই স্মৃতি—স্টিভ ওয়াহর নাকে ব্যান্ডেজ, সতীর্থদের কোলে চড়া জেসন গিলেস্পি ও মাঠে উড়ে আসা এক হেলিকপ্টার।
ম্যাচের দ্বিতীয় দিনে শ্রীলঙ্কার স্কোর তখন ৩ উইকেটে ১৩৯, তখনই ঘটে দুর্ঘটনাটা। কলিন মিলারের বলে ক্যাচ তুলে দিলেন মাহেলা জয়াবর্ধনে। ক্যাচ ধরতে স্কয়ার লেগ থেকে ছুটলেন ওয়াহ, অনসাইডের সীমানা থেকে গিলেস্পি।
নিয়তিই বোধ হয় ঠিক করে দিয়েছিল, বলটি পড়বে দুজনের মাঝে! ক্যাচ আর ধরা হয়নি। উল্টো ভয়াবহ এক সংঘর্ষে নাক ভাঙে ওয়াহর, গিলেস্পির ভাঙে পা। ক্রিকেট মাঠে হেলিকপ্টার নামার মতো দৃশ্যও দেখতে হলো সবাইকে। দ্রুত কলম্বো নেওয়া হয় দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে।
চিকিৎসকদের নিষেধ সত্ত্বেও ১২ দিন পরে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছিলেন ওয়াহ। কিন্তু গিলেস্পি আর পুরো মৌসুমে নামতে পারেননি! সেই ক্যান্ডির আরেক মাঠে শ্রীলঙ্কার কাছে আরেক স্টিভের নেতৃত্বে হারল অস্ট্রেলিয়া—স্টিভ স্মিথ। তবে এই স্মিথের জন্য স্বস্তির বিষয়, কোনো দুর্ঘটনা ছাড়াই মাঠ ছেড়েছেন! ক্রিকইনফো।