ক্যাপের দাম ২ কোটি টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা সবুজ ক্যাপের দাম ১ লাখ ৭৫ হাজার পাউন্ড! বিশ্বাস হয়? যখন জানবেন যে ক্যাপটি স্যার ডন ব্র্যাডম্যানের, তখন নিশ্চয়ই বিশ্বাস হবে। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের হয়ে শেষ টেস্ট সিরিজে যে ব্যাগি গ্রিন ক্যাপটি পরে মাঠে নেমেছিলেন ব্র্যাডম্যান, ইংল্যান্ডভিত্তিক একটি প্রতিষ্ঠানের নিলামে ক্যাপটির দাম উঠেছে ১ লাখ ৭৫ হাজার ৩৭৫ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ কোটি টাকার সমান!
ক্রিকেটের একনিষ্ঠ ছাত্ররা জানেন ১৯৪৮ সালের স্যার ব্র্যাডম্যানের সেই অস্ট্রেলিয়ান ক্রিকেট দলটির কথা, যাদের বলা হতো ‘দ্য ইনভিন্সিবল’—যার অর্থ অদম্য, অপ্রতিরোধ্য। ওটা ছিল অস্ট্রেলিয়ার হয়ে ব্র্যাডম্যানের শেষ অ্যাশেজ। আর ইংলিশদের মাটিতে সেই সিরিজে ব্র্যাডম্যানরা আসলেই ছিলেন দুর্দমনীয়। কোনো ম্যাচ তাঁরা হারেননি। যে ব্যাগি গ্রিন ক্যাপটি পরে তিনি সিরিজটি খেলেছিলেন সেটাই উঠেছে নিলামে। সেই অ্যাশেজে দুটি সেঞ্চুরি করেছিলেন তিনি। কিন্তু নিজের শেষ ইনিংসটিতে তিনি আউট হয়ে যান কোনো রান না করেই। ওটার জন্যই টেস্ট ব্যাটিং গড়টা ১০০ হতে পারেনি ব্র্যাডম্যানের, থেকে যায় ৯৯.৯৪। ২০০১ সালে ৯২ বছর বয়সে মারা যান ব্র্যাডম্যান। নিল হার্ভে ছাড়া ওই ‘ইনভিন্সিবল’ দলটির আর কেউই এখন বেঁচে নেই। ডেইলি মেল।