ক্যামেরা, চুষনি থেকে ঘুমপাড়ানি মাসি-পিসি

ক্রিকেট মাঠে উদ্যাপন। প্রসঙ্গটি আসলে সবার চোখের সামনে যে ছবিটি ভেসে উঠবে তা ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ক্রিস গেইলের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ দলের ‘গ্যাংনাম ড্যান্স’। এমন ‘ট্রেডমার্ক’ উদ্যাপন উইন্ডিজ দলের আরও বেশ কয়েক জনের আছে। উইকেট পাওয়া বা জয়ের পর ডোয়াইন ব্রাভো যেমন নানা রকমের নাচের ভঙ্গিতে করেন উদ্যাপন।
সেই অর্থে ২০১২ আর ২০১৬ সালের টি-টোয়েন্টি জেতা উইন্ডিজ দলের অধিনায়ক ড্যারেন স্যামির তেমন কোনো ট্রেডমার্ক উদ্যাপন নেই। উদ্যাপনের ভঙ্গিতে পরিবর্তন আনেন। উইকেট পাওয়ার পর বলুন কিংবা জয়ের পর, তাঁর প্রত্যেকটি উদ্যাপনই আসলে নজরকাড়া। নজর কাড়ল তাঁর সর্বশেষ উদ্যাপনের ভঙ্গিটিও। কাল বিপিএলে চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে।
কাল নিজে কোনো উইকেট পাননি, তবে সতীর্থরা একেকটি উইকেট পেয়েছে, আর রাজশাহী কিংসের অধিনায়ক তাদের নিয়ে মেতে উঠেছেন উচ্ছ্বাসে। কখনো কখনো নিজেকে ফটোগ্রাফারের ভূমিকায় উপস্থাপন করেছেন। উইকেট পাওয়া বোলারকে দাঁড় করিয়ে তুলেছেন ছবি, হাতে ধরা ছিল অদৃশ্য ক্যামেরা। কেসরিক উইলিয়ামস ৪ উইকেট পাওয়ার পর তাঁকে দাঁড় করিয়ে দলের প্রায় সবাই ছবি তোলার ভঙ্গি করলেন।

১৪২ রান তাড়া করতে গিয়ে এক সময়ে ৫৭ রানে ৬ উইকেট হারিয়ে পেলে রাজশাহী। ঘুরে দাঁড়িয়ে কঠিন হয়ে পড়া সেই ম্যাচ জেতান স্যামি। ২৭ বলে করলেন অপরাজিত ৫৫। ফরহাদ রেজার ব্যাটে জয়ের রানটা আসার পর পরই অভিনন্দন জানাতে মাঠে ছুটে আসেন সতীর্থেরা। হঠাৎই বিজয়ীর ভঙ্গিতে দাঁড়িয়ে যান স্যামি। যেন ছবির জন্য পোজ দিচ্ছেন। সতীর্থরাও দেরি করেনি, ক্যামেরায় ছবি তুলছেন এমন ভঙ্গিতে চলল ক্লিক ক্লিক ক্লিক।
স্যামির এমন ভিন্নধর্মী উদ্যাপন অনেক আছে। এর আগে সবচেয়ে নজরকাড়া উদ্যাপনটি করেছিলেন ২০১৩ সালের আইপিএলে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য সেবার বিপিএলে নিজের দল সানরাইজার্স হায়দরাবাদে একটু দেরিতে যোগ দেন। কন্যা সন্তানের জনক হন তিনি। দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ফিফটি করার পর মেয়েকে উৎসর্গ করে উদ্যাপন করেন ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার।
ফিফটি করার পর ব্যাটটি রেখে গ্লাভস খুলে পকেট থেকে একটি চুষনি বের করেন। সেটি বাচ্চাদের মতো মুখে দেন আর হাত দুটিকে এমন ভঙ্গিতে দোলাতে থাকেন যেন কোনো বাচ্চাকে কোলে নিয়ে দোল খাওয়াচ্ছেন। সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করলে এটা মেয়ে প্রিন্সেস শাকির জন্য করেছেন জানিয়ে স্যামি বলেন, ‘আমরা ওয়েস্ট ইন্ডিয়ানরা সবাইকে উদ্যাপন শেখাতে চাই। বিষয়টা হচ্ছে আমরা ক্রিকেট উপভোগ করি। আপনি মাঠে যখন খেলা উপভোগ করবেন, আবেগ এমনিতেই আসবে।’

স্যামি-গেইলরা ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে গিয়েছিলেন উইন্ডিজ বোর্ডের সঙ্গে অনেক বচসার পর। শিরোপা জেতার পর তাই তাদের উচ্ছ্বাসটাও যেন যেকোনো সময়ের চেয়ে একটু বেশি ছিল। উদ্যাপন যেন কিছুতেই থামছিল না। মাঠ থেকে সাজঘরে, সেখান থেকে হোটেল, এর পর দেশে ফেরার বিমান—সব জায়গাতেই স্যামি-গেইলদের উদ্যাপন চলে সমান তালে। গ্যাংনাম থেকে শুরু করে মুনওয়াক ড্যান্সে মেতে ওঠেন গেইল-ব্রাভোরা।
এসবই ছিল পুরোনো উদ্যাপন। স্যামির কি শুধু এগুলোতেই উদ্যাপন আটকে রাখলে চলে! এক ফাঁকে তিনি করলেন ভিন্নধর্মী এক উদ্যাপন। ট্রফিটা কোলে তুলে নিলেন তিনি, ভঙ্গিটা এমন যেন ঘুম পাড়ানি গান গেয়ে বাচ্চাকে ঘুম পড়াচ্ছেন। এই ছবিটিও ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের ভিন্নধর্মী উদ্যাপনের আরেকটি বিজ্ঞাপন হয়ে রইল।