ক্যামেরার পর্যবেক্ষণে সোহাগের বোলিং
খেলায় ফিরলেন সোহাগ গাজী। অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ বাংলাদেশের অফ স্পিনার কাল বলও করেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। ফতুল্লায় আবাহনীর বিপক্ষে ৮ ওভার বোলিং করে ৩৪ রান দিয়ে ২ উইকেটও নিয়েছেন শেখ জামাল ধানমন্ডির এই খেলোয়াড়। ৯ উইকেটে ২১৯ রান করেও ৬ রানে ম্যাচটা জিতে গেছে শেখ জামাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কলাবাগান ক্রীড়াচক্রকে ৭ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে গাজী ট্যাংক ক্রিকেটার্স (লিজেন্ডস অব রূপগঞ্জ)। বিকেএসপিতে ১৫ রানের জন্য টানা তৃতীয় সেঞ্চুরি পাননি চামারা কাপুগেদারা। হেরেছে তাঁর দল ভিক্টোরিয়াও। ম্যাচটা ৬ উইকেটে জিতে নিয়েছে প্রাইম দোলেশ্বর।
আইসিসি কর্তৃক নিষিদ্ধ হলেও বিসিবির অনুমতি সাপেক্ষে ঘরোয়া ক্রিকেটে খেলতে বাধা ছিল না সোহাগের। তবে শুরুর দিকে বোর্ড গররাজিই ছিল তাঁকে খেলতে দিতে। কিন্তু শেষ পর্যন্ত বিসিবির অনুমতি পেয়েছেন এই অফ স্পিনার। বিসিবি বলছে সোহাগের ফেরাটা পুনর্বাসন-প্রক্রিয়ারই অংশ। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর ব্যাখ্যা, ‘সোহাগ গাজীর ঘরোয়া ক্রিকেটে খেলার ওপরে নিষেধাজ্ঞা নেই। তা ছাড়া তাঁর বোলিং অ্যাকশন শোধরানোর প্রক্রিয়ার অংশ হিসেবেই খেলতে দেওয়া। মাঠে ক্যামেরা ছিল, সেটা দিয়েই পর্যবেক্ষণ করা হচ্ছে তাঁর অ্যাকশন।’
মিরপুরে কলাবাগানের ২০৫ রানের ইনিংসে সর্বোচ্চ ৭৭ রান জাতীয় দল থেকে বাদ পড়া ব্যাটসম্যান শামসুর রহমানের। জবাবে জুনায়েদ সিদ্দিক (৫১) ও অলক কাপালির (৫১*) দুই ফিফটি এবং মোশাররফ হোসেন ও আসহার জায়েদির দুটি চল্লিশোর্ধ্ব ইনিংসে ১৫ বল হাতে রেখে জয় পায় গাজী ট্যাংক।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী-শেখ জামাল, ফতুল্লা
শেখ জামাল: ৫০ ওভারে ২১৯/৯ (ডসন ৬৪, অমিত ৪৮, মাইশুকুর ৩৩; অপু ৩/২৯, জিয়া ২/৩০, সাকলাইন ২/৪৪, নাসির ২/৫৩)। আবাহনী: ৫০ ওভারে ২১৩ (রকিবুল ৮৩, লিটন ৩৪; সজীব দত্ত ৩/৩৫, সোহাগ ২/৩৪, ডসন ২/৩৪, নাহিদুল ২/৩৫)।
ফল: শেখ জামাল ৬ রানে জয়ী।
গাজী ট্যাংক-কলাবাগান কেসি, মিরপুর
কলবাগান কেসি: ৪৮.২ ওভারে ২০৫ (শামসুর ৭৭, তাসামুল ২৭, জুপিটার ২৪; শহীদ ৩/৩৪, মোশাররফ ৩/৪৫)।
গাজী ট্যাংক: ৪৭.৩ ওভারে ২০৮/৩ (জুনায়েদ ৫১, অলক ৫১*, আসহার ৪৬*; মোশাররফ ৪৫; শাহাদাত ২/৩৯)।
ফল: গাজী ট্যাংক ৭ উইকেটে জয়ী।
দোলেশ্বর-ভিক্টোরিয়া, বিকেএসপি
ভিক্টোরিয়া: ৪৮ ওভারে ২০০ (কাপুগেদারা ৮৫, নাদিফ ৮৩; দেলোয়ার ৩/১৬, সানজামুল ২/২৯)। দোলেশ্বর: ৪৭.৩ ওভারে ২০৪/৪ (রনি ৫৬, ম্যালান ৪৭, আসিফ ৩৩*, ইলিয়াস সানি ২৪*, মিজানুর ২৩; মার্শাল ১/১০, সোহরাওয়ার্দী ১/২১)।
ফল: দোলেশ্বর ৬ উইকেটে জয়ী।