>

দেখতে দেখতে শেষ হয়ে এল ২০১৬। এই বছর কেমন গেছে খেলাধুলার জগৎটা? পেছন ফিরে তাকালে উঠে আসবে প্রাপ্তি-অপ্রাপ্তি-আনন্দ-বেদনার বর্ণিল এক উপাখ্যান। ধারাবাহিক এই বর্ষপরিক্রমায় আজ আন্তর্জাতিক ক্রিকেট
২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট যেখানে শুরু হয়েছিল, শেষ হচ্ছে সেখানেই। ২ জানুয়ারি স্যাক্সটন ওভালে বছরের প্রথম ম্যাচটায় মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ৩১ ডিসেম্বর ওই ভেন্যুতেই বছরের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। প্রথম ম্যাচটা ভেসে গিয়েছিল বৃষ্টিতে, শেষটায় কী হবে কে জানে।
মাঝের সময়টায় আলোড়ন তোলা অনেক ঘটনারই সাক্ষী হয়েছে ক্রিকেট-দুনিয়া। টেস্টে দলীয় র্যা ঙ্কিংয়ের শীর্ষস্থান হাতবদল হয়েছে ছয়বার! ‘সাবেক কালের বড় মানুষি’র কথা মনে করিয়ে টানা তিনটি বিশ্ব শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার পর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরুষ-নারী দুই বিভাগেই চ্যাম্পিয়ন। ক্যারিবিয়ান ক্রিকেটের রেনেসাঁর স্বপ্ন যাঁরা দেখেছিলেন, সাদা পোশাকের ওয়েস্ট ইন্ডিজকে দেখে স্বপ্নভঙ্গ হতে সময় লাগেনি।
তবে কোহলি-অশ্বিনরা হতাশ করেননি সমর্থকদের। ঘরের মাঠের টি-টোয়েন্টি বিশ্বকাপটাই শুধু জিততে পারেনি ভারত। টেস্ট ক্রিকেটে সারা বছর অজেয়ই থেকেছে। ১২ ম্যাচ খেলে নয়টিতেই জিতেছে ভারতীয়রা। এ বছর তিনবার টেস্ট র্যা ঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করা ভারত গত অক্টোবর থেকেই ধরে রেখেছে এক নম্বর জায়গাটা। বছরে তিনটি ডাবল সেঞ্চুরি করে নেতৃত্বটা সামনে থেকেই দিয়েছেন কোহলি।
তবে তাদের টেস্টের সাফল্য ওয়ানডেতে অনূদিত হয়নি। টানা ১৮ টেস্টে অপরাজিত দলটি ১৩ ওয়ানডের মাত্র সাতটিতেই জিতেছে। অবশ্য এ বছর ওয়ানডেতে একচ্ছত্র আধিপত্য দেখাতে পারেনি কোনো দলই। তবে ৫০ ওভারের ক্রিকেটে বছরসেরা দলের দাবিদার ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। বছরের শুরুতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরেও পাঁচ ম্যাচের সিরিজটা জেতে প্রোটিয়ারা। এরপর সেপ্টেম্বরে ঘরের মাঠেই অস্ট্রেলিয়াকে পাঁচ ম্যাচের সিরিজে করেছে ধবলধোলাই। বছরে দক্ষিণ আফ্রিকার ব্যর্থতা বলতে ওয়েস্ট ইন্ডিজে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে না পারা।
বছরের প্রথম সিরিজে প্রোটিয়াদের কাছে হারলেও শ্রীলঙ্কা, পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে টানা তিনটি সিরিজ জিতেছে ইংলিশরা। ট্রেন্ট ব্রিজে পাকিস্তানের বিপক্ষে তো সর্বোচ্চ দলীয় ইনিংসের বিশ্ব রেকর্ডই গড়েছে। সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটে ৪৪৪ রান তুলে ১০ বছর আগে শ্রীলঙ্কার গড়া ৪৪৩ রানের রেকর্ড ভাঙে তারা।
এক সপ্তাহ পর আন্তর্জাতিক টি-টোয়েন্টির দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডটাও হাতছাড়া হয়েছে শ্রীলঙ্কার। পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ২০ ওভারে ২৬৩ রান তুলে নতুন রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া। তবে বড় দৈর্ঘ্যের ক্রিকেটে অবশ্য তাদের বছরটা ভালো কাটেনি। শ্রীলঙ্কা সফরে ধবলধোলাই হওয়ার পর স্মিথরা ঘরের মাঠে সিরিজ হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছেও। তবে ব্যক্তিগতভাবে দারুণ একটা বছর কাটিয়েছেন দলটির ওপেনার ডেভিড ওয়ার্নার। কাল বছরে নিজের নবম সেঞ্চুরিটি মেলবোর্নে।
সেঞ্চুরিতে সবার ওপরে থাকলেও মোট রানে ওয়ার্নারের চেয়ে ওপরে ভারতের বিরাট কোহলি (২৫৯৫) ও ইংল্যান্ডের জো রুট (২৫৭০)। বোলিংয়ে সবাইকে ছাড়িয়ে রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৯৭ উইকেট নিয়েছেন ভারতীয় অফ স্পিনার।
গত বছর দুনিয়া কাঁপানো আবির্ভাব হয়েছিল মোস্তাফিজুর রহমানের। এ বছর তাঁর জায়গাটা নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটানোর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আমির। বছরে ক্রিকেটকে যাঁরা বিদায় জানিয়েছেন তাঁদের মধ্যে সবচেয়ে বড় নাম ব্রেন্ডন ম্যাককালাম। হৃৎপিণ্ডের জটিল রোগে ভোগা ইংলিশ ব্যাটসম্যান জেমস টেলরের বিদায়টাও দুঃখজনক।
ক্রিকেট এ বছর চিরতরে হারিয়েছে লিটল মাস্টার হানিফ মোহাম্মদকে। মৃত্যুর মিছিলে নাম উঠেছে ক্যারিয়ারের একমাত্র টেস্টে সেঞ্চুরি পাওয়া ওয়েস্ট ইন্ডিয়ান অ্যান্ডি গানটৌমিরও।
(পরিসংখ্যান: গতকাল পর্যন্ত)
সবচেয়ে বেশি রান
টেস্ট
১৪৭৭, জো রুট, ইংল্যান্ড
ওয়ানডে
১৩৮৮, ডেভিড ওয়ার্নার, অস্ট্রেলিয়া
টি-টোয়েন্টি
৬৪১, বিরাট কোহলি, ভারত
সবচেয়ে বেশি উইকেট
টেস্ট
৭২, রবিচন্দ্রন অশ্বিন, ভারত
ওয়ানডে
৩০, অ্যাডাম জাম্পা, অস্ট্রেলিয়া
টি-টোয়েন্টি
২৮, জসপ্রীত বুমরা, ভারত

ব্রাফেট–বিস্ফোরণ
হাতে মুখ ঢেকে বসে পড়লেন বেন স্টোকস। ইংলিশ অলরাউন্ডারের আর কীই-বা করার ছিল। কলকাতার ইডেন গার্ডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। ম্যাচের শেষ ওভারে ১৯ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের। টানা চার ছক্কায় ওই রানটা চার বলেই তুলে নিলেন কার্লোস ব্রাফেট। হতভাগ্য বোলার তো বসে পড়বেনই। ব্রাফেটের ১০ বলের ৩৪ রানের ঝড়েই দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপটা জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ।