ক্যারিবিয়ানে ম্যানেজার হাবিবুল
নির্বাচক হিসেবেই দলকে সঙ্গ দেওয়ার কথা ছিল তাঁর।তবে সঙ্গে একটা বাড়তি দায়িত্বও পেলেন হাবিবুল বাশার। ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ দলের ম্যানেজারও থাকছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।কাল ক্রিকেট পরিচালনা কমিটির সভায় নেওয়া সিদ্ধান্তটি নিশ্চিত করেছেন কমিটির প্রধান আকরাম খান, ‘নির্বাচক হিসেবে এমনিতেই যাওয়ার কথা ছিল তাঁর। আমাদের মনে হয়েছে, ম্যানেজারের দায়িত্বটাও ভালোভাবে পালন করতে পারবেন তিনি।’
ক্রিকেট পরিচালনা কমিটির কালকের সভার মূল উদ্দেশ্য ছিল অবশ্য জাতীয় দলের কোচিং প্যানেলের সঙ্গে বৈঠক। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, বোলিং কোচ হিথ স্ট্রিকের সঙ্গে আলোচনায় ছিলেন ফিজিও-ট্রেনাররাও। কোচিং স্টাফদের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, জাতীয় দল খেলা নিয়ে ব্যস্ত থাকার সময়ও বাকিদের মধ্য থেকে ১০ জন ব্যাটসম্যান, ১০ জন স্পিনার ও ১০ জন পেসারকে নিয়ে হাইপারফরম্যান্স ট্রেনিং চালিয়ে যেতে। সময় করে সেই অনুশীলন তদারক করবেন জাতীয় দলের কোচিং স্টাফরাও। পরামর্শটি মনে ধরেছে ক্রিকেট পরিচালনা কমিটির। আকরাম খান জানালেন, বোর্ড সভায় বিষয়টি উত্থাপন করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।