ক্যারিবিয়ানের পথে ওঁরা তিনজন

ক্রিকেট বোর্ডে ঢুকতেই দেখা গেল সিঁড়ি দিয়ে হন্তদন্ত হয়ে নামছেন শুভাগত হোম। এক হাতে সুটকেস, আরেক হাতে ব্যাগ। তাড়াহুড়ার কারণ জানতে চাইলে বললেন, ‘হুট করেই গতকাল (পরশু) জানতে পেরেছি, আজ (গতকাল) রাতে ফ্লাইট। এ জন্যই একটু তাড়ায় আছি।’ সংবাদকর্মীদের জন্যও খবরটি এল খানিকটা চমক হয়ে। টেস্ট দলের তিনজনের যাওয়ার কথা ছিল তো ২৬ তারিখ, মানে আজ! খোঁজ নিয়ে জানা গেল, আজকের ফ্লাইটের টিকিট না পাওয়াতেই এক দিন আগে পাঠানো হচ্ছে তাঁদের। শুভাগতর সঙ্গে দুই পেসার রবিউল ও শফিউলও কাল তাই বিসিবিতে এসে সুটকেস-ব্যাগ বুঝে নিলেন।
বিস্ময়কর হলো, তখনো আনুষ্ঠানিকভাবে জানানোই হয়নি টেস্ট দলে তাঁদের অন্তর্ভুক্তির খবর! নির্বাচকেরা নামগুলো চূড়ান্ত করে ফেলেছিলেন অনেক আগেই। কিন্তু বোর্ড সভাপতির অনুমোদনের অপেক্ষায় ঝুলে ছিল আনুষ্ঠানিক ঘোষণা। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সেই ঘোষণা এল তিনজন দেশ ছাড়ার মাত্র কয়েক ঘণ্টা আগে। ওয়ানডে দলে না থাকা আরও একজন চলে গেছেন আগেই। টেস্টের পাশাপাশি টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে বলে বাঁহাতি স্পিনার তাইজুল এখন সেন্ট কিটসে। কিন্তু তাঁর যাওয়ার খবরও আনুষ্ঠানিকভাবে জানানো হলো গতকাল!
টেস্টের জন্য চারজন যাচ্ছেন, তবে ফিরে আসছেন তিনজন। নামগুলো অনুমিতই। মাশরাফি বিন মুর্তজা টেস্ট খেলছেন না অনেক দিন, সাবধানতার জন্য তাসকিন আহমেদকে এখনই খেলানো হবে না টেস্ট। আবদুর রাজ্জাকের টেস্ট পরীক্ষারও আপাতত সমাপ্তি। শুভাগত টেস্ট দলে ডাক পেলেন এই প্রথম, ওয়ানডে দলে থাকা মোহাম্মদ মিঠুনও তাই। তাইজুল তো বাংলাদেশ দলেই প্রথম।
তাইজুলের ডাক পাওয়াটা প্রত্যাশিতই ছিল। গত বিসিএলে ৪ ম্যাচে ৩৭ উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন ২২ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার। গত বছর জিম্বাবুয়েতে অসাধারণ বোলিং করার (২ টেস্টে ১৫ উইকেট) পর থেকে রবিউল টেস্টে বলতে গেলে বাংলাদেশের মূল পেসার। যদিও এরপর দেশের মাটিতে দুটি টেস্ট খেলে উইকেট পাননি একটিও। চোট সমস্যা ছিল, দেশের উইকেটও ছিল বিরূপ। ওয়েস্ট ইন্ডিজে আরেকটু প্রাণবন্ত উইকেট আশা করতে পারেন রবিউল।
শফিউল তাঁর ৬ টেস্টের সর্বশেষটি খেলেছেন ২০১১ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে। মাঝের সময়ে মূলত সীমিত ওভারের বোলার হিসেবেই বিবেচনা করা হয়েছে তাঁকে। তবে প্রধান নির্বাচক ফারুক আহমেদের বিশ্বাস, টেস্টেও ভালো করার সামর্থ্য আছে শফিউলের। পেস বোলিংয়ে যথেষ্ট বিকল্পের অভাবকেও আরেকটি কারণ বললেন প্রধান নির্বাচক।
টেস্ট দলে সত্যিকারের চমক হয়ে এসেছে শুভাগতর নামটি। ২০১১ সালে ৪টি ওয়ানডে খেলে বাদ পড়েছিলেন। খুব একটা আলোচনাতেও ছিলেন না এরপর। তবে প্রধান নির্বাচক জানালেন, “শুভাগত কিন্তু জাতীয় দলের আশেপাশেই ছিল। ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে মোটামুটি ভালো করেছে, এর আগে জাতীয় লিগেও রান পেয়েছে। ও ন্যাচারাল ব্যাটসম্যান। আমাদের মনে হয়েছে, টেস্টে ভালো করার সামর্থ্য আছে ওর।”
গত জাতীয় লিগে ৭ ম্যাচে ৪৭.৮০ গড়ে ২ সেঞ্চুরিতে ৪৭৮ রান করেছিলেন শুভাগত। তবে পরে বিসিএলে ৪ ম্যাচে করেছেন মাত্র ১৩৩। ‘এ’ দলের হয়ে ক্যারিবিয়ান সফরে ৫০ ওভারের ম্যাচে দুটি ফিফটি করেছিলেন। দুটি চার দিনের ম্যাচের একটিতেই খেলেছেন, তাতে রান ১ ও ৩৯, উইকেট ৩টি। ওই বোলিং আর সাকিবের না থাকাও একটি কারণ, জানালেন ফারুক, ‘সাকিব নেই, শুভাগতর বোলিংটা কাজে লাগতে পারে। ওর অফ স্পিন কিন্তু বেশ ভালো।’
সাকিবের বিকল্প তিনি অবশ্যই নন। তবে ভূমিকাটা ভাবা হচ্ছে কাছাকাছিই। টেস্ট ক্রিকেট এমনিতেই চ্যালেঞ্জিং। শুভাগতর চ্যালেঞ্জটা আরও বেশি!